লেবানন ও ইয়েমেনে ব্যবসা সম্প্রসারণের উদ্যোগ ওয়ালটনের

নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক বাজারে নিজেদের অবস্থান আরো শক্তিশালী করতে মধ্যপ্রাচ্যের দুই দেশ লেবানন ও ইয়েমেনে ব্যবসা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি।

এ লক্ষ্যে লেবাননের প্রতিষ্ঠান ফ্রিগো পাওয়ার ফর জেনারেল ট্রেডিং এবং ইয়েমেনের প্রতিষ্ঠান মোহাম্মদ আবদুল্লাহ আল-ইজ্জি ফর ইমপোর্টের সঙ্গে বৈশ্বিক পরিবেশক নিয়োগ চুক্তি সই করেছে ওয়ালটন। বুধবার (২৫ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ফ্রিগো পাওয়ার ফর জেনারেল ট্রেডিং এর নিবন্ধিত কার্যালয় লেবাননের বৈরুত শহরে অবস্থিত। প্রতিষ্ঠানটি লেবাননের প্রচলিত আইন অনুযায়ী নিবন্ধিত। চুক্তি অনুযায়ী, লেবাননের নির্ধারিত অঞ্চলে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের পণ্য বিক্রয়, বিতরণ ও বিপণনের জন্য ফ্রিগো পাওয়ার ফর জেনারেল ট্রেডিং কে অনুমোদিত পরিবেশক হিসেবে নিয়োগ দিয়েছে। পারস্পরিক সম্মত শর্ত অনুযায়ী চুক্তিটির মেয়াদ ৫ বছর। এ সময় লেবাননে ওয়ালটনের পণ্য বিক্রি, বিতরণ ও বিপণনে অনুমোদিত পরিবেশক হিসেবে দায়িত্ব পালন করবে প্রতিষ্ঠানটি।

এদিকে, ইয়েমেনের মোহাম্মদ আবদুল্লাহ আল-ইজ্জি ফর ইমপোর্ট নামের একটি প্রতিষ্ঠানের সঙ্গেও একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ওয়ালটন। প্রতিষ্ঠানটি ইয়েমেনের প্রচলিত আইন অনুযায়ী নিবন্ধিত এবং এর নিবন্ধিত কার্যালয় দেশটির এডেন শহরে অবস্থিত। সমঝোতার আওতায় দুই প্রতিষ্ঠান পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে ইয়েমেনের বাজারে ওয়ালটনের ব্যবসা সম্প্রসারণে কাজ করবে। এজন্য নিয়মিত পণ্য ক্রয়, বিপণন কার্যক্রম জোরদার, পণ্যের মান নিশ্চিত করা, উন্নত গ্রাহকসেবা প্রদান এবং ব্র্যান্ড প্রচারের ওপর গুরুত্ব দেওয়া হবে। এই উদ্যোগের মাধ্যমে মধ্যপ্রাচ্যের দেশ লেবানন ও ইয়েমেনের বাজারে নিজেদের পণ্যের পরিচিতি ও গ্রহণযোগ্যতা বাড়ানো এবং আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের ব্যবসা সম্প্রসারণের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।

Facebook Comments Box