ফেনীর দাগনভূঞায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় ককটেল বিস্ফোরণ, গুলির শব্দ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল পাঁচটার দিকে দাগনভূঞা পৌরসভার আলাইয়ারপুর গ্রামে পরিবেশমন্ত্রীর বাড়ির পাশে এ সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষের সময় তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয় এবং আরও ১০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এছাড়াও সেই সময় পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর বাড়িতে হামলার চেষ্টার অভিযোগ উঠেছে।
আহত ব্যক্তিদের মধ্যে দুজনকে মুমূর্ষু অবস্থায় চট্টগ্রামে ও চারজনকে ফেনী হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। আহত বাসুর বাঁ হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
আহতদের মধ্যে রয়েছেন- জুয়েল (৩৬), জহিরুল হক রুবেল (৩০), আমজাদ হোসেন টিপু (৩৫), মোশাররফ হোসেন ফয়সাল (৩৮), মোহাম্মদ শামীম (৪০), মহিবুল ইসলাম রাজু (৩৫), মোহাম্মদ তানভীর (২০), হৃদয় (২৫), রুবেল (৩০), বাশার (৩২), সোহরাব হৃদয় (২৩), ইয়াকুব আলী (৩১) ও বাসু (২১)।
সংঘর্ষের পর থেকে মোহাম্মদ ছোটন নামের যুবদলের এক কর্মী নিখোঁজ রয়েছেন বলে দাবি করেছেন তার রাজনৈতিক সহযোদ্ধারা। তাদের অভিযোগ, আহত শিবলু ও জুয়েলকে আটক করে রাজু ও জসিম জোরপূর্বক মন্ত্রীর বাড়িতে হামলার কথা স্বীকার করানোর চেষ্টা করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাগরিবের নামাজের সময় হঠাৎ ককটেল বিস্ফোরণ ও চিৎকার-চেঁচামেচি শুরু হয়। এ সময় শতাধিক মানুষকে ছোটাছুটি করতে দেখা যায়। সংঘর্ষের সময় দেশি অস্ত্রের পাশাপাশি ভারী অস্ত্র প্রদর্শনের ঘটনাও ঘটেছে বলে স্থানীয় লোকজন জানান।
















