যুবকদের ত্যাগের বিনিময়ে গৌরবময় বিপ্লবের অংশীদার হয়েছে এ জাতি

গণভোটের রায় বাস্তবায়ন না হলে পুরোনো ফ্যাসিস্টদের আবারও ফিরে আসার সুযোগ পাবে বলে মন্তব্য করেনছেন, বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, গণভোটের রায় উপেক্ষা করে সংবিধান সংশোধনের পথে না গিয়ে ওই রায় অনুযায়ী সংস্কার করতে হবে। এ দাবি আদায়ের আন্দোলন থেকে জামায়াত কোনো অবস্থাতেই সরে আসবে না। শনিবার রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ারে সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন নায়েবে আমীরবৃন্দ, সহকারী সেক্রেটারি জেনারেলবৃন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্যবৃন্দ (পুরুষ ও মহিলা) এবং কেন্দ্রীয় মজলিসে শূরার (পুরুষ ও মহিলা) সদস্যবৃন্দ।

জুলাই আন্দোলনের পর বর্তমানে বাংলাদেশ কোন পথে তা বিবেচনার দাবি রাখে জানিয়ে অধিবেশনের বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, তরুণ ও যুবকদের সেই ত্যাগের বিনিময়ে এক গৌরবময় বিপ্লবের অংশীদার হয়েছে এ জাতি। তিনি বলেন, দীর্ঘ সাড়ে ১৬ বছর ফ্যাসিবাদী দুঃশাসনের যাঁতাকলে জাতি পিষ্ট হয়েছে। বিশেষ করে জামায়াতের শীর্ষ ১১ জন নেতাকে অন্যায়ভাবে বিচারিক হত্যাকান্ডের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। কেউ কেউ কারাগারে অযত্ন ও বিনা চিকিৎসায় দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। জামায়াতের নেতাকর্মীদের বাড়িঘর বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হয়েছে, চাকরি কেড়ে নেওয়া হয়েছে, ব্যবসাপ্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে। জামায়াতের অসংখ্য নেতাকর্মীকে গুম ও খুন করা হয়েছে। আমাদের দলের নিবন্ধন কেড়ে নেয়া হয়েছিল, বেআইনিভাবে নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু জামায়াতকে নিষিদ্ধের চার দিনের মাথায় তাদের দেশ থেকে বিদায় নিতে হয়েছিল। কেবল দল হিসেবে জামায়াতই নয়, আরও অনেকে এ নির্যাতনের শিকার হয়েছেন। তাদের নেতাকর্মীরা দেশে থাকতে পারেননি।

চলতি বছরে জাতীয় নির্বাচনের আগের দিন পর্যন্ত জাতির প্রতি তাদের ও আমাদের বক্তব্য একই ছিল উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, কিন্তু সরকার গঠনের পর তারা কীভাবে জাতির কাছে দেয়া ওয়াদা ভঙ্গ করলেন, অবস্থান বদলালেন? কেন তারা অবস্থান বদলালেন তা জাতির সামনে পরিস্কার করতে হবে। জাতির মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে- আদৌ বাংলাদেশ বসবাসের জন্য নিরাপদ হবে কি না? তিনি বলেন, তারা জুলাইয়ের অঙ্গীকারকে পাশ কাটিয়ে সংবিধান সংস্কারের পরিবর্তে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠন করেছে। জাতীয় ঐকমত্য কমিশনে সকল রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে যে সিদ্ধান্ত হয়েছে, তা অবশ্যই মানতে হবে। কোনো কিছুর বিনিময়ে আমরা অবস্থান পরিবর্তন করব না। সরকারকে দৃঢ়ভাবে আহ্বান জানাচ্ছি, সমস্যা আপনারা তৈরি করেছেন, আপনাদেরই সমাধান করতে হবে। গণভোটের গণরায় কোনো প্রকার কালক্ষেপণ না করে বাস্তবায়ন করুন; তাছাড়া ঐক্য ভঙ্গুর হবে, স্থায়ী হবে না। জনগণ চায় না পুরোনো ফ্যাসিবাদ ফিরে আসুক কিংবা নব্য ফ্যাসিবাদ কায়েম হোক।

তিনি বলেন, সংবিধান সংস্কারের মাধ্যমে যে পরিবর্তন আসবে তাতে আদালত হাত দিতে পারবে না। কিন্তু সংবিধান সংশোধণের মাধ্যমে পরিবর্তন করা হলে আদালত সেখানে হাত দিতে পারবে। আমরা এবং তারা বলেছিল অতীতের নোংরা রাজনীতিতে ফিরে যাবো না। কিন্তু স্থানীয় সরকার ব্যবস্থা দলীয় লোক ও ক্যাডারদের দ্বারা দখল করা হয়েছে। সাড়ে ১৫ বছরের নির্যাতনের পর আমরা জাতিকে স্বস্তিদায়ক জায়গায় নিতে চেয়েছিলাম।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, সরকারি দল নিজেদের কর্মীদের নিজেরা হত্যা করছে। পাথর মেরে হত্যা করছে। নারী, শিশু ও আমাদের মা বোনেরা নিরাপদ নয়। সারা দেশে মাদকের ঝনঝনানিতে সয়লাব। স্কুলের গেটে ও ভিতরে মাদক বিক্রি হয়। অস্ত্রের ঝনঝনানিতে অস্থির সারা দেশ। একটি জেলায় আইনশৃঙ্খলার অবনতি হলে সেখানে জনগণের জানমালের নিরাপত্তার জন্য সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর কোনো চেষ্টা পরিলক্ষিত হয়নি। একটি জেলাকে স্বাধীন ঘোষণা করা স্পষ্ট রাষ্ট্রদ্রোহিতা। জনগণের নিরাপত্তা বিধান করা সরকারের দায়িত্ব। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়েছে। প্রধানমন্ত্রী ঐক্যের আহ্বান জানিয়েছেন উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, আমরা বসবো তবে জনগণের দাবি নিয়ে আমাদের দলের দাবি নিয়ে নয়। পোশাক শিল্প নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে। পোশক শিল্পের অস্থিরতা চলছে। জীবনযাত্রার ব্যয় বাড়ায় শ্রমিকরা রাস্তায় নামতে বাধ্য হয়েছে। আমরা বলেছি, শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে ও শিল্প বাঁচলে দেশ বাঁচবে। এ জন্য সমস্যার স্থাীয় সমাধান করতে হবে সরকার শিল্প মালিকদের। মজুরি বোর্ড গঠন করা হয়েছে, আমরা তার যথাযথ বাস্তবায়ন চাই। এছাড়া শিল্পে নিরাপত্তা ও উপযুক্ত কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে। তিনি বলেন, মানুষের অধিকার নিশ্চিতে সকলের জাগ্রত ভূমিকা প্রয়োজন। একটি বাহিনী কেবল সব করতে পারে না এজন্য জনগণ ও বাহিনীর সমন্বয় লাগবে। সীমান্তে অবৈধভাবে কিছু মানুষকে পুশইনের চেষ্টা করা হয়েছিল। জনগণ ও বিজিবি যৌথভাবে তা রুখে দিয়েছে। দেশ ও জাতিকে রক্ষা করতে হবে।

Facebook Comments Box