ইংল্যান্ডের বিপক্ষে আগামী ফেব্রুয়ারীতে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। ঘরের মাঠের এই সিরিজের প্রথম ম্যাচ হবে মিরপুরে। এই মিরপুর টেস্ট খেলেই ২১ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানবেন মুশফিকুর রহিম। আগেই ওয়ানডে ও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন তিনি। ফলে বাংলাদেশের জার্সিতে মিরপুর টেস্টই হতে যাচ্ছে তার ক্যারিয়ারের শেষ ম্যাচ।
শনিবার বিসিবির পরিচালনা পর্ষদের সভার পর মুশফিকের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। তিনি বলেন, ‘মুশফিকুর রহিম ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের পর অবসর নেবে। কয়েক দিন আগে মুশফিক আমাকে ফোন করে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। এরপর নিয়মিত তার সঙ্গে যোগাযোগ হয়েছে।
তামিম আরও বলেন, আমি তাকে বলেছিলাম, নিজেই সংবাদ সম্মেলন করে বিষয়টি ঘোষণা করতে। ফেসবুকে স্ট্যাটাস না দিতেও অনুরোধ করেছিলাম। কারণ, সে বাংলাদেশের ক্রিকেটের জন্য অসাধারণ একজন সেবক। আমি চেয়েছিলাম বিষয়টি যথাযথভাবে হোক। তবে মুশফিকের অনুরোধেই আজ আমি এই ঘোষণা দিচ্ছি।’
লর্ডসে ২০০৫ সালের মে মাসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক মুশফিকের। এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে ১০৮ টেস্ট খেলেছেন মুশফিক। ১৯৯ ইনিংসে ব্যাটিং করে তার সংগ্রহ ৭ হাজার ৬২ রান। নামের পাশে রয়েছে ১৪টি সেঞ্চুরি। দেশের হয়ে টেস্টে সর্বোচ্চ রান মুশফিকেরই। তিনি ছাড়া বাংলাদেশের আর কেউ টেস্টে ৭ হাজার রান করতে পারেননি।
















