আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কার কিছু নেই

​দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কার কিছু নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কক্সবাজারের পর্যটন খাতসহ কক্সবাজার জেলার ভবিষ্যৎ সমন্বিত উন্নয়ন কর্মপরিকল্পনা পর্যালোচনা সংক্রান্ত ৩য় সভা শেষে তিনি এ মন্তব্য করেন।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতা নিয়ে পরিস্থিতি অবনতির কোনো শঙ্কা আছে কি না প্রশ্নে তিনি বলেন, কোনো শঙ্কা নেই।

ঢাকা শহরে নিরাপত্তা বাড়ানো নিয়ে জানতে চাইলে তিনি বলেন, এগুলো রুটিন ওয়ার্ক। এই জাতীয় যেকোনো রকমের সিচুয়েশনে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো সতর্ক থাকে, মোতায়েন থাকে।

শরীয়তপুরে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের নাওডোবা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষ নিয়ে এক প্রশ্নে মন্ত্রী বলেন, ওখানে ফজরের নামাজের পরে একটা ইনসিডেন্ট হয়েছে। তাদের মধ্যে আন্তঃকলহ বা আন্তঃদ্বন্দ্ব হয়েছে বা সংঘর্ষ হয়েছে, এগুলো আমি শুনতে পাচ্ছি, এখনো আমরা ডিটেইল তদন্ত করিনি। তাতে দুইজনের প্রাণহানি হয়েছে বলেও শুনেছি।

আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিজিবিসহ অন্যান্য ফোর্স, তারা যথেষ্ট ধৈর্য সহকারে, অত্যন্ত কৌশলের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। এখন ওখানকার পরিস্থিতি শান্ত, বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

Facebook Comments Box