দেশীয় অস্ত্র নিয়ে থানায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, ককটেল বিস্ফোরণ

পাবনার বেড়া মডেল থানায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকেরা। এ সময় থানার দিকে ককটেলও নিক্ষেপ করা হয়। পাশাপাশি পুলিশের একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ১২টি কাঁদানের গ্যাসের শেল ও ১২৩টি রাবার বুলেট ছুড়ে হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।

রবিবার (২৯ নভেম্বর) ভোর চারটার দিকে বেড়া পৌর এলাকার শম্ভুপুর মহল্লা থেকে অর্ধশতাধিক ব্যক্তি এ হামলা চালান বলে জানায় পুলিশ।

পুলিশ জানায়, ভোরে শম্ভুপুর মহল্লা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা একটি মশাল মিছিল বের করেন। মিছিলটি ডাকবাংলা এলাকা থেকে শুরু হয়ে বেড়া মডেল থানার দিকে অগ্রসর হয়। একপর্যায়ে মিছিলকারীরা ইট-পাটকেল ও ফালা-বল্লম নিয়ে বেড়া থানায় আক্রমণ করেন। এ সময় থানায় ককটেল নিক্ষেপ করে ও আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা চালায় তারা।

এ সময় তারা থানার ফটকের সামনে অবস্থান নিয়ে পুলিশকে উদ্দেশ করে বিভিন্ন স্লোগান দিতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এতে হামলাকারীরা ছত্রভঙ্গ হয়ে পিছু হটে।

হামলার সময় পুলিশের ব্যবহৃত একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ ছাড়া পাবনা-ঢাকা পথে চলাচলকারী আল হামরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ভাঙচুর করা হয়।

এদিকে, থানায় হামলার খবর ছড়িয়ে পড়লে বেড়া পৌর বিএনপি ও অন্যান্য অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী থানার ফটকে অবস্থান নেন।

গণমাধ্যমকে হামলার বিষয়টি নিশ্চিত করেছেন বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা। তিনি বলেন, হামলাকারীরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থক বলে জানতে পেরেছে পুলিশ। হামলার আশঙ্কায় পুলিশ আগে থেকেই সতর্ক ছিল। পরিস্থিতি আঁচ করতে পেরে দ্রুত ব্যবস্থা নেওয়ায় অল্প সময়ের মধ্যে হামলাকারীদের ছত্রভঙ্গ করা সম্ভব হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়পরিবর্তন করা হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধিদপ্তরগুলোর কোড
ওসি আরও জানান, হামলার পর স্থানীয় আওয়ামী লীগের পক্ষ থেকে ফেসবুকে এ বিষয়ে পোস্ট দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। পৌর এলাকার বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি, কাউকে গ্রেপ্তারও করা হয়নি।

হামলার আগে থানার সামনে বিক্ষোভ

পুলিশ জানায়, গতকাল শনিবার রাত ১০টার দিকে শম্ভুপুর মহল্লার একদল নারী থানার ফটকে এসে বিক্ষোভ করেন। গত ১৯ নভেম্বর থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার পাঁচ আসামির মুক্তির দাবিতে তারা বিভিন্ন স্লোগান দেন। এ সময় পুলিশ তাদের লাঠিপেটা করে সরিয়ে দেয়।

এর প্রায় ছয় ঘণ্টা পর ভোর চারটার দিকে দেশীয় অস্ত্র নিয়ে থানায় হামলা চালানো হয়।

প্রসঙ্গত, গত ১৯ থেকে ২১ নভেম্বর পালিত লকডাউন কর্মসূচি চলার সময়ও বেড়া পৌর এলাকায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছিল। ওই সময় বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে বেড়া মডেল থানার তৎকালীন ওসি নয়ন কুমার সরকারকে প্রত্যাহার করা হয়।

এসব ক্ষয়ক্ষতি ও ভীতিকর পরিস্থিতির রেশ না কাটতেই রবিবারের ঘটনায় পৌরবাসীর মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

Facebook Comments Box