নাদিম হেসেন খান, চরফাশন-ভোলা
হাসি হুল্লোড়ে মাতছে দেশ, বেসরকারি টিভি চ্যানেল এনটিভির কমেডি রিয়েলিটি শো মার্সেল হা-শো’র ষষ্ঠ মৌসুম দর্শক জনপ্রিয়তায় আছে বেশ। ‘হা-শো’ বাংলাদেশের স্টান্ডাপ কমেডিয়ানদের সবচেয়ে বড় প্লাটফর্ম। এখানে অংশগ্রহণ করা অনেকেই পারফর্ম করছেন। ষষ্ঠ মৌসুমের বিচারক ও দর্শকের মন জয় করেছেন বরিশাল বিভাগের পারফর্মার সাকির লিমন। তিনি কখনো সাইকেল জ্যাকশন, বিজ্ঞানী রিংটোন কিংবা রকস্টারের মতো চ্যালেঞ্জিং চরিত্রে মঞ্চে বাজিমাত করেছেন।
পর পর তিনবার এপিসোড উইনার লিমন নিজের অবস্থান টপ টেনের পাকাপোক্ত করে নিয়েছেন।
“হা-শো” নিয়ে সাকির বলেন, স্টান্ডাপ কমেডি নিয়ে কোনো স্বপ্ন বা ইচ্ছে ছিলো না। এমন কি “হা-শো সিজন ৬” শুরু হওয়ার আগেও জানতামনা বাংলাদেশে এতো বড় একটা কমেডি প্লাটফর্ম আছে। তবে চরফ্যাশন শ্রাবনী খেলাঘর আসরের নাদিম খান ভাই এবং বগুড়া কমেডি ক্লাবের এক ছোট ভাইর অনুপ্রেরণায় বরিশালের অডিশন রাউন্ডে অংশগ্রহণ করেছিলাম।
তিনি আরও বলেন, বরিশাল বিভাগ থেকে আমাদের ৪ জনকে সিলেক্ট করা হয়েছিলো। তার মধ্যে সিফাত ১ম রাউন্ডে, ইলিয়াস টপ ২৫ এ এবং সাইফ টপ ১৫ থেকে বাদ পরে যায়। সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আমি এখনো টিকে আছি। পারফর্ম দিয়ে শেষ রাউন্ড পর্যন্ত আমার অবস্থান মজবুত করে প্রথম হতে হওয়ার জন্য সব চেষ্টা করে যাবো।
ব্যক্তিগত বিষয়ে প্রশ্ন করতেই সাকির বলেন, আমি পেশায় একজন ইঞ্জিনিয়ার। বর্তমানে একটি কনস্ট্রাকশন ফার্মের হয়ে কাজ করছি। ছোট থেকে মঞ্চ নাটকের সাথে যুক্ত ছিলাম। বর্তমানে চাকুরীর পাশাপাশি টুকটাক ইউটিউবিং এবং স্বেচ্ছাসেবী সংগঠন টিম চিলেকোঠায় অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছি।
















