রাজধানীতে ঝড় ও বজ্রপাতের আভাস

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ঝড়, বজ্রপাত ও বজ্রপাতসহ বৃষ্টি সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংশ্লিষ্ট দপ্তর জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীতে দমকা হাওয়া, ঝড়, বজ্রপাত ও বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, দেশের দক্ষিণাঞ্চল ছাড়া দেশের প্রায় সকল বিভাগে আগামী কয়েক দিন ঝড় ও বজ্রসহ বৃষ্টিপাত হওয়া সম্ভাবনা রয়েছে। সুনামগঞ্জ, সিলেট ও উত্তরাঞ্চালের কয়েকটি জেলায় গতকালও ঝড় হয়েছে। ঢাকা, ময়মনসিংহ, রংপুর ও সিলেট অঞ্চলে আগামী কয়েক দিন বৃষ্টি এবং বজ্রসহ শিলাবৃষ্টি হতে পারে।

বৃহস্পতিবার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গা এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা-ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সামান্য পরিবর্তন হলেও আগামী তিন দিনের আবহাওয়া অনেকটাই অপরিবর্তিত থাকবে।

Facebook Comments Box