চরফ্যাশনে জমি দখলের চেষ্টায় কুপিয়ে জখম, মামলা নেয়নি পুলিশ

নাদিম হোসেন খান (ভোলা) চরফ্যাশন 

জাল-জালিয়াতির মাধ্যমে চরফ্যাশন উপজেলার মুজিবনগর ইউনিয়নে জমি জবর দখলের চেষ্টায় শাজাহান মিয়া কে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা৷ গতকাল দুপুর ১২টায় মুজিবনগর ৬নং ওয়ার্ডে এই ঘটনা ঘটছে৷ পরে আহত শাজাহান মিয়াকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে৷
ভুক্তভোগী পরিবার জানান, অনেক চেষ্টার পরেও অজ্ঞাত কারণে অভিযোগকারীদের বিরুদ্ধে মামলা নেয়নি দুলারহাট থানা পুলিশ৷ মামলা না নেয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান ভুক্তভোগির পরিবার৷ তারা স্থানীয় জাতীয় সংসদ সদস্য ও প্রশাসনের নিকট তদন্ত সাপেক্ষে এ ঘটনার সঠিক বিচারের দাবি জানিয়েছেন৷

জানা যায়, স্থানীয় প্রভাবশালী সোহাগ পন্ডিতের ছত্রছায়ায় লাইজু বেগম একটি নোটারীতে শাজাহান মিয়ার স্বাক্ষর জাল করে চর মনোহর মৌজায় দের একর জমির মালিকানা দাবি করে আসছে৷ এ নিয়ে দীর্ঘদিন যাবত উভয়ের মধ্যে জমির মালিকানা বিরোধ চলছে৷ আহত শাজাহান মিয়া জানান, অবৈধ টাকার মাধ্যমে জাল-জালিয়াতি করে আমার ২০ বছরের বন্দোবস্তকৃত ভোগদখলীয় জমি দখলের চেষ্টা করছে সোহাগ পন্ডিত গং৷ তিনি স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের নিকট তদন্ত সাপেক্ষে এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন৷

দুলার হাট থানা সুত্রে জানা যায়, ২০২১ সালে উক্ত জমির বিরোধের জেরে একটি সিআর মামলা হয়েছিল৷ উক্ত মামলায় সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে থানার এসআই মোঃ ফারুক ফকির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর নিকট একটি প্রতিবেদন দাখিল করেন৷ সে প্রতিবেদনে বিবাদী লাইজু বেগম সহ অন্যান্যদের অপরাধের সততা প্রমাণ পাওয়া যায় বলে উল্লেখ করা হয়েছে৷ এসময় দুলারহাট থানা অফিসার ইনচার্জ হামলার বিষয়ে বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে৷ দ্রুত সময়ের মধ্যে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব৷

Facebook Comments Box