জাতীয় ঈদগাহে ঈদের জামাত সকাল সাড়ে ৮টায়, বায়তুল মোকাররমে ৭টায়

জাতীয় ঈদগাহে এবার সকাল সাড়ে ৮টায় ঈদের প্রধান জামাত হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। শনিবার জাতীয় ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাতের প্রস্তুতি সরেজমিন পরিদর্শন শেষে তিনি এ কথা । তিনি জানান ই ঈদগাহ ময়দানে একসঙ্গে ৩৫ হাজার মুসল্লি ঈদের জামাতে অংশ নিতে পারবেন।

মেয়র তাপস বলেন, করোনা মহামারি অতিক্রম করে দুই বছর পরে ঢাকাবাসী যাতে আবারো জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের নামাজ আদায় করতে পারেন; সেই আয়োজন আমরা সম্পন্ন করেছি। জাতীয় ঈদগাহ ময়দান সুন্দর করে সাজানো হয়েছে। চারিদিকে সাজ সাজ রব। এ ছাড়াও ঈদের প্রধান ঈদ জামাতের নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনী কাজ করে চলেছে। এর মাধ্যমে আমরা একটি সুন্দর ও নিরাপদ পরিবেশ সৃষ্টি করছি। যাতে করে ঢাকাবাসী জাতীয় ঈদগাহে এসে ঈদের প্রধান জামাতে অংশগ্রহণ করতে পারেন। ঢাকাবাসীকে জাতীয় ঈদগাহে ঈদের জামাতে অংশগ্রহণের আহবান জানিয়ে তিনি বলেন, আমি ঢাকাবাসীকে আসন্ন ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। আর সবাই যেন একসাথে ঈদের জামাতে অংশ নিতে পারি, সেজন্য আমি ঢাকাবাসীকে জাতীয় ঈদগাহে নামাজ আদায়ের আমন্ত্রণ জানাচ্ছি।

এদিকে, প্রতি বছরের মতো এবারও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদুল ফিতরের পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। শনিবার ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়। এতে ইমামের দায়িত্ব পালন করবেন হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান (সিনিয়র পেশ ইমাম, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ)। মুকাব্বিরের দায়িত্ব পালন করবেন হাফেজ মো. ইসহাক (মুয়াজ্জিন, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ)। দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। এতে ইমামতি করবেন হাফেজ মুফতি মুহিবুল্লাহিল বাকী নদভী (পেশ ইমাম, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ)।

আর মুকাব্বিরের দায়িত্ব পালন করবেন হাফেজ মো. আতাউর রহমান (সাবেক মুয়াজ্জিন, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ)।
সকাল ৯টায় অনুষ্ঠিত হবে তৃতীয় জামাত। এতে ইমামের দায়িত্ব পালন করবেন ড. মাওলানা আবু সালেহ পাটোয়ারী (মুফাসসির, ইসলামিক ফাউন্ডেশন)। আর মুকাব্বির থাকবেন হাফেজ মো. নাছির উল্লাহ (খাদেম বায়তুল মোকাররম জাতীয় মসজিদ)।

ঈদের চতুর্থ জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টায়। এতে ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন হাফেজ মাওলানা এহসানুল হক (পেশ ইমাম, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ)। আর মুকাব্বির হিসেবে থাকবেন মো. শহিদ উল্লাহ (খাদেম, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ)। পঞ্চম ও সর্বশেষ জামাত বেলা পৌনে এগারোটায় (১০টা ৪৫মিনিট) অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন মাওলানা মুহিউদ্দিন কাসেম (পেশ ইমাম, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ)। মুকাব্বির হিসেবে থাকবেন মো. রুহুল আমিন (খাদেম, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ)। এ পাঁচ জামাতে দায়িত্বপ্রাপ্ত কোনো ইমাম উপস্থিত না থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন মাওলানা মো. আব্দুল্লাহ (মুফতি, ইসলামিক ফাউন্ডেশন)।

Facebook Comments Box