শ্রমিকলীগ নেতাকে পিটিয়ে হত্যা, অভিযুক্ত আটক

নেত্রকোনা সদর উপজেলার রৌহা ইউনিয়নের কুনিয়া গ্রামে প্রতিপক্ষের হামলায় আয়াতুল (৩৮) নামে এক শ্রমিকলীগ নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রধান অভিযুক্ত রিপন ফকিরকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতের পারিবারিক বরাত দিয়ে পুলিশ জানায়,নেত্রকোনা সদর উপজেলার রৌহা ইউনিয়নের কুনিয়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে নেত্রকোনা সদর উপজেলা জাতীয় শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক আয়াতুল নিজ এলাকায় একটি মনোহারী দোকান চালাতেন। মঙ্গলবার রাত নয়টার দিকে তার দোকানে একই গ্রামের রিপন ফকিরের ছেলে মাহি (১৪) সদাই নিতে আসে। ৩০ টাকার সদাই নিয়ে ১শ টাকার বাকী ৭০ টাকা ফেরত চায় মাহি। কিন্তু দোকানদার আয়াতুল বলে তুই টাকাতো দেস নাই না দিয়ে ফেরত চাস কেন। এ নিয়ে তর্ক বাধেঁ এক পর্যায়ে মাহি তার বাড়ী ফিরে যায়।

রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে মাহি তার বাবা রিপন ফকিরকে সাথে নিয়ে দোকানে আসে। এক পর্যায়ে আয়াতুলকে দোকান থেকে নামিয়ে বেধরক কিল ঘুষি মারপিট করে এবং চেয়ার দিয়ে আঘাত করে রিপন ফকির। এতে গুরুতর আহত হয় আয়াতুল। এলাকাবাসী তাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার সাকের আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান,পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে রয়েছে।
ওসি আরো জানান,এ ঘটনায় নিহতের স্ত্রী সাবিনা আক্তার রিপন ফকির ও তার ছেলে মাহিকে অভিযুক্ত করে থানায় মামলা করেছেন। প্রধান অভিযুক্ত রিপন ফকিরকে আটক করা হয়েছে।

Facebook Comments Box