আবু সিদ্দিক (ভোলা) চরফ্যাশন
চরফ্যাশনে ইউসুফ মাঝির মালিকানাধীন ট্রলার ডুবির ঘটনায় চারদিন অতিবাহিত হলেও সন্ধান মেলেনি ৮ জেলের। এতে জেলে পরিবারগুলোতে চলছে শোকের মাতম। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে না পেয়ে হতাশায় রয়েছেন তারা। ট্রলার ডুবির দুর্ঘটনায় ইউসুফ মাঝিসহ ৫ জেলে জীবিত উদ্ধার হলেও এখনও ৮ জেলের হদিস মিলছে না।
নিখোঁজ জেলেরা হলেন, দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়নের ১নং ওয়ার্ডের আবু পাটোয়ারীর ছেলে মো. রাছেল, ২নং ওয়ার্ডের মোকলেছুর রহমানের ছেলে মো. তছলিম, ৬নং ওয়ার্ডের মো. জাফরের ছেলে মো. ইসমাইল, ৮নং ওয়ার্ডের আঃ মন্নান আখনের ছেলে আব্দুর রহমান আখন ও নাছির মাঝির ছেলে আব্দুল মন্নান, শশীভূষণ থানা রসুলপুর ইউনিয়ন ৫নং ওয়ার্ডের সুলতান আহমেদ মল্লিকের ছেলে নাজু, মো. আক্কেল আলী বেপারীর ছেলে মো. ছাদেক, ৯নং ওয়ার্ডের আবু হাওলাদারের ছেলে মো. জুয়েল। নিখোঁজ জেলে ইসমাইলের মা শাহিনূর বেগম বলেন, আমার ছেলের ৩ ছেলেমেয়ে রয়েছে। বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনায় তিন দিন হলো আমার ছেলের সন্ধান পাইনি। আমার বউ ও নাতি-নাতনিদের এখন কে দেখবে।















