ইজিবাইক থেকে ছিটকে পড়ে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট

গাজীপুর মহানগরের পূবাইল মেট্রোপলিটন থানার মাজুখানে চলন্ত ইজিবাইক থেকে ছিটকে পড়ে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে আমজাদ হোসেন মোল্লা (৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে পূবাইল থানার ৪০নং ওয়ার্ডের মাজুখান জহুরা খাতুন উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আমজাদ হোসেন মোল্লা (৪৫) পূবাইল থানার ৪১নং ওয়ার্ডের বসুগাঁও গ্রামের নুরুল ইসলামের ছেলে।

জানা যায়, টঙ্গীগামী ইজিবাইকটির সামনে থাকা পিপিএল যাত্রী পরিবহণের বাসটি হঠাৎ ব্রেক করলে ইজিবাইকটি বাসের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ইজিবাইকের যাত্রী আমজাদ হোসেন নিজেকে সামলাতে না পেরে সড়কের ডানদিকে ছিটকে পড়েন।ওই সময় পিছন দিক থেকে আসা কাভার্ডভ্যান আমজাদ হোসেনকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে পূবাইল থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) আতিকুর রহমান আতিক জানান, লাশ উদ্ধার করে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box