রাজধানীতে রুট পারমিটবিহীন দুই বাস ডাম্পিং, ৬ মামলা

বাস রুট র‌্যাশনালাইজেশন কার্যক্রম সুচারুভাবে বাস্তবায়নের লক্ষ্যে চলমান অভিযানের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ঢাদসিক) ও বিআরটিএ এর যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে রুট পারমিটবিহীন চলাচল করায় দুটি বাস ডাম্পিং করা হয়েছে। এছাড়াও সড়ক পরিবহন আইন এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে ৬টি মামলায় ২৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সোমবার যৌথ উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এসব ব্যবস্থা গ্রহণ করা হয়। ঢাদসিক এর নির্বাহী ম্যাজিস্ট্রেট আশেকুল হক ও বিআরটিএ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুবের আলমের যৌথ নেতৃত্বে এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় ঢাকা – সিলেট মহাসড়কের রায়েরবাগ এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রুট পারমিট না থাকায় শতাব্দী পরিবহন (ঢাকা মেট্রো ব-১১-৮৯৮৭) ও একুশে পরিবহনের (ঢাকা মেট্রো ব-১৫-৮০৭৯) দুটি বাস ডাম্পিং করা হয়। অভিযানকালে “সড়ক পরিবহন আইন, ২০১৮” এর বিভিন্ন ধারা লংঘনের দায়ে ৬টি মামলায় মোট ২৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

Facebook Comments Box