সাবেক ইউপি সদস্য খুন

নেত্রকোনার পুর্বধলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে শনিবার প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে সাবেক ইউপি সদস্য নজরুল ইসলাম খান (৫৫) খুন হয়েছেন। নিহত নজরুল ইউসলাম উপজেলার ঘাগড়া ইউনিয়নের ঔটি-বহুলি গ্রামের রমজান আলীর ছেলে।

একই ঘটনায় গুরুতর আহত নিহতের ভাই বজলুর রহমান খানকে (৫০) ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতের অপর ছোট ভাই মো. রতন খান ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সাবেক ইউপি-সদস্য মো. নজরুল ইসলাম খানের পরিবারের সাথে দীর্ঘদিন ধরে একই গ্রামের মেরাজ খা’র ছেলে সাবেক ইউপি-সদস্য আবদুস সালাম খাঁ’র জমি নিয়ে বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে আদালতে মামলা চলমান আছে। এই মামলা আপোষে মীমাংসার জন্য স্থনীয়ভাবে শালিস-দরবারও হয়েছে।

শালিস অমান্য করে শনিবার সকালে আবদুস সালাম খাঁ তার লোকজনদের নিয়ে বিরোধপূর্ণ জমিতে বোর ধানের চারা রোপন করতে থাকে। এ সময় বজলুর রহমান খান ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাধা দিলে আবদুস সালাম খাঁ’র ছোট ভাই মোফাজ্জল হোসেন খাঁ(৪৫) ও ছেলে মো. স্বাধীন খাঁ(২৫) তাদের হাতে থাকা কোদাল দিয়ে তাকে আঘাত করে। খবর পেয়ে ভাইকে বাঁচানোর জন্য ছুটে গেলে ওরা নজরুল ইসলাম খানের ওপর হামলা চালায় এবং কোদাল দিয়ে আঘাত করে। এলাকাবাসী তাদের উদ্ধার করে পুর্বধলা উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নজরুল ইসলাম খানকে মৃত ঘোষনা করেন।

আহত বজলুর রহমান খানকে (৫০) ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী হেলেনা খাতুন বাদী হয়ে শনিবার বিকেলে তিনজনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৪-৫জনের বিরুদ্ধে পূর্বধলা থানায় মামলা করেন। তবে পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের জন্য চেষ্টা চালানো হচ্ছে।

সবারবাংলা/এসআই

Facebook Comments Box