অবৈধ কাঁচাবাজার ও পলিথিন কারখানা দখলমুক্ত করলো দক্ষিণ সিটি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ডের মাজেদ সর্দার লেনে প্রায় ১৯ শতক (১৮.৭৬ শতক বা প্রায় ১২ কাঠা) অবৈধ জায়গা দখলমুক্ত করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এ জায়গা দখল করে একটি চক্র অস্থায়ী কাঁচাবাজার ও পলিথিন কারখানা গড়ে তোলা হয়েছিল। সোমবার দিনব্যাপী অভিযানের মাধ্যমে করপোরেশনের মালিকানাধীন এ জমি অবৈধ দখলমুক্ত করা হয়েছে।

করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। ১৯৮৭ সালে করপোরেশন হতে ১০.৯৭ শতক জমি লিজ নিয়ে বেসরকারি প্রতিষ্ঠান ইউসেফ সেখানে একটি স্কুল পরিচালনা করে আসছিল। চুক্তির মেয়াদ শেষ হওয়ায় গতবছর ইউসেফ সেখান থেকে তাদের স্কুল অন্যত্র স্থানান্তর করলে গুটি কয়েক স্থানীয় দখলদার সেখানে একটি অস্থায়ী কাঁচাবাজার, প্রায় ৮ শতক জায়গায় আশার আলো নামক একটি ক্লাব এবং একটি অবৈধ পলিথিন কারখানা গড়ে তুলে। অভিযানের মাধ্যমে সেখানকার অবৈধ সকল স্থাপনা ও দখলদারদের উচ্ছেদ করা হলো।
অভিযান প্রসঙ্গে করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, মাজেদ সর্দার লেনের এই জমিটার মালিক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। ১৯ শতক পরিমাণের এই জায়গাটিতে বেসরকারি একটি প্রতিষ্ঠান একটি স্কুল পরিচালনা করতো।

করপোরেশনের সাথে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় স্কুলটি বন্ধ হয়ে যাওয়ার কারণে আশপাশের কিছু দখলদার এখানে কাঁচাবাজার প্রতিষ্ঠাসহ আরও কিছু সেমি-পাকা অবকাঠামো নির্মাণ করে দখলের পায়তারা করছিলো। মেয়র মহোদয়ের নির্দেশনার আলোকে আমরা এই জায়গাটি অবৈধ দখলমুক্ত করেছি। অভিযানকালে অন্যান্যের মধ্যে স্থানীয় কাউন্সিলর মো. আওয়াল হোসেন উপস্থিত ছিলেন।

Facebook Comments Box