শ্রমিকদের ন্যায্য পাওনা নিশ্চিত করতে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে

শ্রমিকদের ন্যায্য পাওনা নিশ্চিত করতে সরকারকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে বলে জানিয়েছেন, বরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, সিদ্ধান্ত গ্রহণে যত বিলম্ব হবে, এ খাতের ক্ষতি তত বাড়বে। এ ধরনের পরিস্থিতিতে সুযোগসন্ধানীরা নানা ধরনের সুযোগ নেওয়ার চেষ্টা করতে পারে। এ বিষয়ে সরকার ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা এবং সতর্কতার পরিচয় দিতে হবে। গতকাল বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় এ কথা বলেন তিনি।

দেশের পোশাকশিল্পে চলমান শ্রমিক অসন্তোষ নিরসনে দ্রুত বেতন কাঠামো পুনর্বিন্যাসের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, শিল্প বাঁচলে দেশ বাঁচবে-এটা ঠিক। কিন্তু এটাও ঠিক, শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে।
ডা. শফিকুর রহমান বলেন, গত কয়েক দিন ধরে দেশের বিভিন্ন এলাকায় পোশাকশ্রমিকেরা বেতন-ভাতাসহ অন্যান্য দাবিতে আন্দোলন করছেন। এরই মধ্যে আন্দোলনের কারণে অনেক শিল্পকারখানা বন্ধ রাখা হয়েছে। কোথাও কোথাও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। এ পরিস্থিতিতে দেশের প্রধান রপ্তানি আয়ের খাত পোশাকশিল্পে বড় ধরনের বিপর্যয় দেখা দিলে সামগ্রিক অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে।

গাজীপুরের শ্রীপুরে গাইবান্ধার তৌফিক নামে এক পোশাকশ্রমিককে হত্যার ঘটনায় নিন্দা জানিয়ে জামায়াতের আমির বলেন, এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে দ্রুত দায়ী ব্যক্তি বা ব্যক্তিদের আইনের আওতায় আনতে হবে।
তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে স্বল্প বেতনে শ্রমিকদের জীবন ধারণ করা কঠিন হয়ে পড়েছে। শ্রমিকদের দাবিগুলো বিবেচনায় নিয়ে মালিক ও শ্রমিক- উভয়পক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত বেতন কাঠামো পুনর্বিন্যাস করা প্রয়োজন ছিল। কিন্তু সরকার এখনো এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে পারেনি।

পোশাক শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, বলেন, আপনাদের প্রতিষ্ঠান আপনারা বাঁচিয়ে রাখুন। আমরা আপনাদের ন্যায্য অধিকারের পক্ষে আছি। শিল্প বেঁচে থাকলে আপনারাও বেঁচে থাকবেন।

মালিকপক্ষের প্রতি অনুরোধ জানিয়ে জামায়াতের আমির বলেন, শ্রমিকদের নিজেদের পরিবারের সদস্য হিসেবে বিবেচনা করতে হবে। তাহলে সিদ্ধান্ত গ্রহণ এবং সমস্যা সমাধান সহজ হবে। সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ক্ষয়ক্ষতি আর না বাড়িয়ে এবং অস্থিরতা তৈরির সুযোগ বন্ধ করতে দ্রুত সরকারের দায়িত্ব পালন করা উচিত। শেষে নিহত তৌফিকের আত্মার মাগফিরাত কামনা করেন ডা. শফিকুর রহমান। একই সঙ্গে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

Facebook Comments Box