সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে আটক করেছে পুলিশ। বুধবার মহাখালী ডিবিসি কার্যালয় থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি প্রধান শফিকুল ইসলাম।

আটকের পর ইকবাল সোবহান চৌধুরীকে রাজধানীর মিন্টো রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তবে ঠিক কী কারণে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এর আগে গত ১৫ এপ্রিল পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার সময় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে ফেরত পাঠানো হয়েছিল। তবে বিমানবন্দর থেকে তাকে ফেরত পাঠানোর কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে অনেকটা আড়ালে ছিলেন ইকবাল সোবহান চৌধুরী। ওই বছরের সেপ্টেম্বর মাসে সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর জানাজায় অংশ নিতে তিনি জাতীয় প্রেসক্লাবে উপস্থিত হতে দেখা যায়।

দীর্ঘ সাংবাদিকতা জীবনে ইকবাল সোবহান চৌধুরী দেশের বিভিন্ন সাংবাদিক সংগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নেতৃত্ব দিয়েছেন। পাশাপাশি বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বেসরকারি সংবাদমাধ্যম ডিবিসি নিউজের সভাপতির দায়িত্বে রয়েছেন।

ইকবাল সোবহান চৌধুরী সাংবাদিকতার পাশাপাশি রাজনৈতিক অঙ্গনেও সক্রিয় ছিলেন। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে ফেনী-২ আসন থেকে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে ওই নির্বাচনে জয়ী হতে পারেননি। পরবর্তীতে শেখ হাসিনার সরকারে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।

Facebook Comments Box