নকশা বহির্ভূত ইমারত নির্মাণ না করার আহবান জানিয়েছেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক রাজউক এর চেয়ারম্যান (সচিব) জনাব মো. আনিছুর রহমান মিঞা। তিনি বলেন উন্নত বিশ্বের মত আধুনিক রেজিলেন্স শহর গড়ে তুলতে ডেভেলপার কম্পানি ও ভবন মালিকসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রয়োজন। বুধবার ভবন মালিক/আমমোক্তার গ্রহীতা/ ডেভেলপারগণের সাথে অনুমোদিত নকশা অনুযায়ী ভবন নির্মাণ ও ভবনের ব্যত্যয় রোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজউকের অডিটোরিয়ামে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজউক এর সদস্য (উন্নয়ন) মেজর (ইঞ্জিঃ) সামসুদ্দীন আহমদ চৌধুরী (অব.) এবং সভাপতিত্ব করেন রাজউকের সদস্য, উন্নয়ন নিয়ন্ত্রণ (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ নাসির উদ্দীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজউক এর পরিচালক (উন্নয়ন নিয়ন্ত্রণ-১) মোহাম্মদ সামছুল হক। এসময় সেবা গ্রহীতাদের মধ্যে ভবন মালিক, আমমোক্তার গ্রহীতা ও ডেভেলপারগণ বক্তব্য উপস্থাপন করেন। সেবা গ্রহীতাগণ অকুপেন্সী সনদ, এফএআর বৃদ্ধি, এফএআর-এর হিসাব সহজীকরণ করার অনুরোধ করেন। একই সাথে ভবনের ব্যত্যয়রোধে এবং অনুমোদিত নকশা অনুযায়ী ভবন নির্মাণে রাজউকসহ সংশ্লিষ্ট সকলের সমন্বিত ভূমিকা প্রয়োজন বলে উল্লেখ করেন।
সভাপতির বক্তব্যে মোহাম্মদ নাসির উদ্দীন বলেন, একটি সুন্দর ও গোছানো শহর এর জন্য সর্বনিম্ন ২৫% এলাকা সড়ক যোগাযোগ ব্যবস্থার জন্য প্রয়োজন। এফএআর বৃদ্ধি করলে সড়কে এবং নগর জীবনযাত্রায় -এর নেতিবাচক প্রভাব পড়বে, ঢাকা শহরকে সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু না করে ঢাকার বাইরে অন্যান্য মফস্বল ও আশেপাশের শহরকে সম্প্রসারিত করার উদ্যোগ গ্রহণের জন্য আহবান জানান।
















