নিজস্ব প্রতিবেদক
উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে জনশুমারি ও গৃহগণনা খুবই গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তিনি আগামী ১৫ জুন থেকে ২১ জুন জনশুমারিতে সবাইকে সহযোগিতার আহবান জানান। বৃহস্পতিবার নগর ভবনের মেয়র হানিফ মিলনায়তনে ‘জনশুমারি ও গৃহগণনা ২০২২ বিষয়ক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের শুমারি/জরিপ কমিটির সভায়’ মেয়র এ কথা বলেন।
মেয়র ব্যারিস্টার শেখ তাপস কাউন্সিলরদের উদ্দেশ্য বলেন, যেভাবে আপনারা ঢাকাকে উন্নত ঢাকা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নিবেদিতভাবে কাজ করে চলেছেন, তেমনি আগামী ১৫ জুন থেকে ২১ জুন সেভাবে এই জনশুমারিতে সহযোগিতা করবেন। আপনারা সকলেই সম্মিলিতভাবে উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করবেন।
১৯৭৪ সালে প্রথম আদমশুমারির ভিত্তিতে জাতির পিতা প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করলেও ৭৫ পরবর্তী সরকারগুলো তা না করায় বাংলাদেশ কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে যেতে পারেনি উল্লেখ করে শেখ তাপস বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু করেন। তিনি এই আদমশুমারির ভিত্তিতেই সেই পরিকল্পনা নিয়েছিলেন। সারা বিশ্বে এটাই নিয়ম। কিন্তু দুর্ভাগ্যবশত ৭৫ এর পরে নতুন এক পদ্ধতি বলা হলো, না এসব পঞ্চবার্ষিকী পরিকল্পনা করে কোন লাভ নেই।
বিশেষ অতিথির বক্তব্যে অনুষ্ঠানে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন বলেন, প্রধানমন্ত্রীর হাত ধরে ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা ডিজিটাল শুমারি করতে যাচ্ছি। এটা আমাদের জন্য একেবারে নতুন একটা অভিজ্ঞতা হবে। কিন্তু এই অভিজ্ঞতা আমাদেরকে একবারেই অনেক দূর নিয়ে যাবে, যেখানে ডিজিটাল স্বপ্ন বাস্তবায়নে অনেকটা পথ আমরা অতিক্রম করতে পারব।
দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদের সভাপতিত্বে ও সচিব আকরামুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত শুমারি সভায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুারোর মহাপরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম, কাউন্সিলরবৃন্দসহ করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর সিতওয়াত নাঈম, ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে শামসুল কবির।
















