আগামী বছরের ১ এপ্রিল হতে সায়েদাবাদ, মহাখালী ও গাবতলী বাস টার্মিনাল ব্যতীত ঢাকা শহরে আর কোনো আন্তঃজেলা বাস কাউন্টার থাকবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
মেয়র বলেন, আমাদের যে বাস টার্মিনালগুলো আছে সেগুলোর কার্যকারিতাকে ঠিকমতো বাস্তব রূপ দেওয়া হয় না। এ ব্যাপারে আমরা আরও কঠোর হচ্ছি। মঙ্গলবার দক্ষিণ সিটির প্রধান কার্যালয়ের বুড়িগঙ্গা হলে বাস রুট রেশনালাইজেশন কমিটির ২৫তম সভা শেষে সাংবাদিকদেরকে সাথে আলাপকালে মেয়র এ তথ্য জানান।
সায়দাবাদ বাস টার্মিনালের সংস্কার চলছে উল্লেখ করে মেয়র আরো বলেন, এটা মার্চ মাসের মধ্যে শেষ হবে। আমরা পহেলা এপ্রিলে সেটা উদ্বোধন করব, চালু করবো। আমাদের মহাখালী ও গাবতলী বাস টার্মিনালের যে সংস্কার প্রয়োজন আছে, সেগুলোরও আমরা উদ্যোগ গ্রহণ করব এবং সকল উদ্যোগ সম্পন্ন করব। আগামী পহেলা এপ্রিল থেকে ঢাকা শহরে টার্মিনাল ব্যতীত আর কোথাও কোনও কাউন্টার আমরা রাখতে দিব না।
এসময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, আমরা বাস রুট র্যাশনাইলেজশনের মাধ্যমে ঢাকার সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করছি। অথচ প্রায়ই দেখা যায়, টার্মিনালগুলোর সামনে বাসগুলো রাস্তায় দাঁড়িয়ে থাকে।
এর ফলে সড়কে যানজট সৃষ্টি হচ্ছে, শৃঙ্খলা ব্যহত হচ্ছে। ১লা এপ্রিল থেকে কোনও বাস রাস্তায় দাঁড়াতে পারবে না। টার্মিনালের বাহিরে কোন বাস দাঁড়ালে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও জায়গায় জায়গায় ছাতার মতো টিকেট কাউন্টার থাকবে না। টার্মিনালের বাহিরে কোন কাউন্টার থাকতে পারবে না। তিনি আরও বলেন, “২১,২২ ও ২৬ নাম্বার রুটে শুধু রুট পারমিটবিহীন বাস নয় নগর পরিবহন ব্যতীত অন্য কোন বাস চলবে না।
এই রুটে শুধু নগর পরিবহন চলবে। এটি নিশ্চিত করতে আগামী ২০ডিসেম্বর থেকে ০৫ জানুয়ারি পর্যন্ত অভিযান পরিচালনা করা হবে। এমনকি লেগুনাও চলবে না। শুধু নগর পরিবহন চলবে এই তিন রুটে। সভায় অন্যান্যের মধ্যে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক সাবিহা পারভীন, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট করপোরেশনের চেয়ারম্যান মো. তাজুল ইসলাম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব আকরামুজ্জামান, ঢাকা মেট্টোপলিটন পুলিশের (ট্রাফিক) অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মুনিবুর রহমান, গণপরিবহন বিশেষজ্ঞ ড. এস এম সালেহ উদ্দিন, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আজমল উদ্দিন আহমেদসহ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
















