কিস্তির টাকা চাইতে আসায় এনজিও কর্মীকে হত্যা

সাভারে কিস্তির টাকা তুলতে গিয়ে হামলায় নিহত হয়েছেন বেসরকারি সংস্থা (এনজিও) ব্র্যাকের এক কর্মী। তার নাম রেজাউল করিম (৫০)। এ ঘটনায় শাহিন আলী (২২) নামের এক পোশাককর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ জুন) সাভার মডেল থানায় সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুল্লাহিল কাফী।

রেজাউল করিম পাবনার ভাঙ্গুড়িয়া থানার চৌগাছিয়া এলাকার মৃত সেকেন্দার আলী ছেলে। তিনি ব্র্যাকে মাঠ কর্মকর্তা হিসেবে কাজ করতেন। এ ঘটনায় গ্রেফতার শাহিন আলী রাজশাহীর বাসিন্দা। তিনি একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেন।

এর আগে, বুধবার সন্ধ্যায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া ভাওয়ালীপাড়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশ রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফী বলেন, বুধবার বিকালে ভাওয়ালীপাড়া আসাদুজ্জামানের বাসার নিচতলার এক ভাড়াটিয়া শাহিন আলীর কাছে কিস্তির টাকা সংগ্রহে যান। এর আগের দিন কিস্তির টাকা চাইতে গেলে পরদিন দেবেন বলেন। কথামতো পরদিন গেলে বাগবিতণ্ডা হয়।

তিনি বলেন, একপর্যায়ে রেজাউল করিমকে তিনি মারধর করতে থাকেন। এ সময় অণ্ডকোষে আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তিনি মারা গেলে শাহিন লাশ বাসা থেকে বের করে সামনের সিঁড়ির নিচে রেখে দেন। তা ছাড়া তার পকেটে থাকা ৫০ হাজার টাকাও হাতিয়ে নেন। সেই টাকা তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে। পুলিশের জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে ঘটনার কথা স্বীকার করেছেন আসামি।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, এ ঘটনায় নিহতের ছেলে কাউসার আহমেদ বাদী হয়ে সাভার মডেল থানায় হত্যা মামলা করেছেন। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Facebook Comments Box