চরফ্যাশনকে গৃহহীন-ভূমিহীন মুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী

‍এনামুল ‍আহসান ‍আশিব, চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি :

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর পেয়েছে আরও ১৮ হাজার ৫৬৬টি পরিবার। প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্প-২-এর পঞ্চম পর্যায়ের দ্বিতীয় ধাপে এসব ঘর পেয়েছে তারা। এর মধ্য দিয়ে দেশের আরও ২৬টি জেলার ৭০ উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হয়েছে । এ উপলক্ষ্যে মঙ্গলবার বেলা ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি বাসভবন গণভবন থেকে দেশের তিনটি উপজেলা ভোলার চরফ্যাশন , লালমনিরহাটের কালীগঞ্জ, কক্সবাজারের ঈদগাঁও উপজেলার সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হয়ে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ঘর ও জমির দলিল হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে গৃহহীন ও ভূমিহীন মানুষের হাতে দুই শতক করে জমিসহ ১৮ হাজার ৫৬৬টি ঘরের দলিলপত্র হস্তান্তর করেন। এ উপলক্ষে ভোলার চরফ্যাসন উপজেলার চর কচ্ছপিয়া আশ্রয়ণ প্রকল্পে বর্ণাঢ্য আয়োজন করা হয় । এ সময় ভার্চুয়ালি চরফ্যাসনের দু’জন উপকারভোগী’র সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । উপকারভোগীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে নিজেদের অনুভূতি প্রকাশ করেন। উদ্বোধনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে চরফ্যাশনে ১১০৭ টি গৃহহীন পরিবারের কাছে জমি সহ গৃহের দলিল হস্তান্তর করেন ভোলা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব।

ভোলার তিনটি উপজেলা চরফ্যাশন, বোরহান উদ্দিন ও মনপুরার গৃহহীন মানুষকে জমিসহ ঘর উপহার দিয়ে গৃহহীনমুক্ত করায় ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার শওকত আলী, বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো: শহীদুল্লাহ,পুলিশ সুপার মাহিদুজ্জামান, ভোলা জেলা আওয়ামী লীগ সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা, চরফ্যাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন ও উপজেলা নির্বাহী অফিসার নওরীন হক সহ অন্যান্যরা ।

Facebook Comments Box