আবু সিদ্দিক (ভোলা) প্রতিনিধি:
তাবলিগ জামাতের জুবায়েরপন্থি অংশের আমির মাওলানা জুবায়ের আহমেদ ৮ আগস্ট ভোলার চরফ্যাশন উপজেলায় সফর করেছেন। এ উপলক্ষে উপজেলার খাসমহল জামে মসজিদে বয়ান ও তাবলিগ জামাতের বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়।
জানা গেছে, ৮ আগস্ট ভোরে ঢাকার সদরঘাট থেকে ‘তাসরিফ’ লঞ্চযোগে চরফ্যাশনে পৌঁছান মাওলানা জুবায়ের। পরে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চরফ্যাশন খাসমহল জামে মসজিদে অবস্থান করে তিনি বয়ান পেশ করেন এবং তাবলিগ-সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রমে অংশ নেন।
তাঁর আগমনকে কেন্দ্র করে চরফ্যাশন কেন্দ্রীয় খাসমহল মসজিদ ও আশপাশের এলাকায় বিপুলসংখ্যক মানুষের সমাগম হয়। আয়োজকদের দাবি, এ সময় প্রায় সাত থেকে আট হাজার মানুষ সেখানে উপস্থিত ছিলেন। বয়ান শেষে অধিকাংশ মানুষ মসজিদ প্রাঙ্গণ ত্যাগ করলেও কিছুসংখ্যক অনুসারী ও আয়োজক সেখানে অবস্থান করেন।
তাবলিগ জামাতের এ কর্মসূচিকে ঘিরে সার্বিক সমন্বয়ের দায়িত্বে ছিলেন চরফ্যাশন উপজেলা তাবলিগ জামাতের আমির আলহাজ মাওলানা মনিরুজ্জামান মালতীয়া।
পরে বিকেল সাড়ে ৫টার দিকে চরফ্যাশনের বেতুয়া লঞ্চঘাট থেকে লঞ্চযোগে ঢাকার উদ্দেশে ভোলা ত্যাগ করেছেন মাওলানা জুবায়েরের।
স্থানীয় সূত্র জানায়, মাওলানা জুবায়েরের আগমন ও বয়ানকে কেন্দ্র করে চরফ্যাশনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।বিপুল সংখ্যক পুলিশ নিরাপত্তা বলয়ে ছিল, তবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই বয়ান কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়।
















