চিকিৎসকদের টেস্ট বাণিজ্য না করে প্রকৃত সেবা দেয়ার আহবান জানিয়েছেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলাম। তিনি বলেন, পড়ালেখা শেষ করে সাদা এপ্রোন পড়েই ডাক্তাররা মানবসেবার জগতে প্রবেশ করেন। মানবসেবাই পরম ধর্ম। ডাক্তার হতে হলে অনেক পরিশ্রম করতে হয়। মেধাবী শিক্ষার্থীরাই ডাক্তার হয়। মানুষকে ভালোবেসে সুন্দর ব্যবহার করে সেবা দিতে হবে। মানসিক প্রশান্তি দিতে হবে রোগীকে। রোগীদের সাথে ভালো ব্যবহার করতে হবে ও মানসম্মত সেবা প্রদান করতে হবে।
বৃহস্পতিবার রাজধানীর উত্তরায় মেডিকেল কলেজ ফর উইমেন এন্ড হসপিটালে ইন্টার্ণ চিকিৎসকদের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য আতিকুল ইসলাম এসব কথা বলেন।
অল্প খরচে গুণগত চিকিৎসা প্রদান করাই লক্ষ্য হতে হবে উল্লেখ করে মেয়র ইন্টার্ন চিকিৎসকদের উদ্দেশ্যে মেয়র বলেন, উন্নত দেশে যেমন উন্নত চিকিৎসা সেবা দেয়া হয় আমরা আপনাদের মাধ্যমে আমাদের দেশে উন্নত চিকিৎসা নিশ্চিত করতে চাই। । মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সফলভাবে করোনা মহামারী মোকাবিলা করতে সক্ষম হয়েছি। প্রধানমন্ত্রী ইতিমধ্যে অনেক ডাক্তার নিেেয়াগ দিয়েছেন। আপনারাও ভালো ডাক্তার হবেন। দেশের সেবায় নিজেকে নিয়োজিত করবেন।
তিনি বলেন, একজন রোগীকে সেবার মাধ্যমে উদাহরণ সৃষ্টি করতে হবে। একই রিপোর্ট বার বার করা বন্ধ করতে হবে। অবশ্যই প্রয়োজনীয় টেস্ট করতে হবে। তবে অপ্রয়োজনীয় টেস্ট পরিহার করতে হবে। তিনি আরও বলেন, ‘প্রান্তিক জনগোষ্ঠীর জন্য চিকিৎসা সেবা ছড়িয়ে দিতে হবে। তাদের সেবা দেয়ার বিষয়ে আমাদের সচেতন হতে হবে। প্রান্তিক জনগণের পরিশ্রম ও অবদানের ফলেই দেশ এগিয়ে যাচ্ছে। স্বল্প খরচে তাদের সেবা নিশ্চিত করতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ চেয়ারম্যান ও সংসদ সদস্য মাহি বদরুদ্দোজা চৌধুরী।
















