চিকিৎসক নন, তবুও ডেথ সার্টিফিকেট ইস্যু করতেন মিল্টন

চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দার নিবন্ধিত চিকিৎসক নন। তারপরও আশ্রমে আশ্রয় নেওয়াদের চিকিৎসা দিতেন তিনি। এছাড়া আশ্রয় নেওয়াদের মধ্যে কেউ যদি মারা যেতেন তাহলে নিজেই ডাক্তার সেজে ডেথ সার্টিফিকেট তৈরি করতেন মিল্টন। এ পর্যন্ত প্রায় ৫০টি ডেথ সার্টিফিকেট তৈরি করেছেন তিনি।

বৃহস্পতিবার রাজধানীর মিরপুর মডেল থানায় জাল ডেথ সার্টিফিকেট তৈরির অভিযোগে মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মিরপুর বিভাগের মিরপুর জোনাল টিমের উপ-পরিদর্শক (এসআই) কামাল পাশা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে তিনি এসব অভিযোগ করেন।

এজাহারে তিনি অভিযোগ করে বলেন, চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের বিরুদ্ধে গত কয়েক দিন বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। এসব সংবাদের তথ্য যাচাই-বাছাই করতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মিরপুর বিভাগের একটি দল গতকাল সন্ধ্যায় চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমে যায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মিল্টন সমাদ্দারকে গ্রেপ্তার করা হয়।

পুলিশকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিল্টন সমাদ্দার জানান, তিনি কোনো নিবন্ধিত ডাক্তার নন এবং তার প্রতিষ্ঠানেও নিবন্ধিত কোনো চিকিৎসক নিয়োগ দেওয়া হয়নি। তিনি চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামে প্রতিষ্ঠান তৈরি করে নিজে ডাক্তার সেজে সেখানে থাকা রোগীদের চিকিৎসা দিতেন। এছাড়া এজাহারনামীয় পলাতক আসামি কিশোর বালার (২৬) সঙ্গে পরস্পর যোগসাজশে প্রতারণামূলকভাবে বিভিন্ন চিকিৎসা এবং সেবা দিয়ে কনটেন্ট তৈরি করতেন। এসব কনটেন্ট ফেসবুক, হোয়াটসআপ ও ইমোর মাধ্যমে মিল্টন সমাদ্দারের ১ কোটি ২০ লাখ ফ্রেন্ড ফলোয়ারদের মধ্যে ছড়িয়ে দিয়ে প্রতারণামূলকভাবে অর্থ উপার্জন করতেন।

Facebook Comments Box