ছাত্রাবাস থেকে ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

দিনাজপুর সদর উপজেলার একটি বেসরকারি ছাত্রাবাস থেকে গৌর চন্দ্র রায় (২০) নামে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) এক ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

গৌর চন্দ্র রায় নীলফামারী জেলার ডোমার উপজেলার জামিরবাড়ী গুপ্তাপাড়া গ্রামের ভুবন চন্দ্র রায়ের ছেলে। তিনি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

কোতোয়ালি থানার ওসি মো. ফরিদ হোসেন জানান, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অদূরে মহাবলীপুর বাঁশেরহাট এলাকায় কামিনী রায় ছাত্রাবাসের দোতলায় ২ সিটের একটি কক্ষে থাকতেন গৌর চন্দ্র রায় ও সৌরভ দাস। বৃহস্পতিবার দুপুরে ওই কক্ষে একাই ছিলেন গৌর চন্দ্র রায়। বিকাল ৪টায় তার রুমমেট সৌরভ দাস এসে দেখেন কক্ষটি ভেতর থেকে বন্ধ। ভেন্টিলেটর দিয়ে তিনি দেখতে পান সিলিং ফ্যানের সঙ্গে গৌর চন্দ্র রায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় আছেন। এরপর সৌরভ দাস অন্যদের ডেকে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা বিকাল সোয়া ৫টায় ঘটনাস্থলে উপস্থিত হন।

ওসি মো. ফরিদ হোসেন জানান, লাশ উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box