রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদসহ বিএনপির সাত নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকালে বিএনপির পূর্ব ঘোষিত অবস্থান কর্মসূচিতে অংশ নিতে মিছিল নিয়ে যাওয়ার সময় তাদের গ্রেফতার করা হয়। এ সময় পুলিশ লাঠিচার্জ করে। পুলিশ বলছে, বিশৃঙ্খলা সৃষ্টির কারণে বিএনপি নেতকাকর্মীদের গ্রেফতার করা হয়েছে।
তবে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু দাবি করেছেন, তারা বিএনপির ২০ নেতাকর্মীর সন্ধান পাচ্ছেন না। ধারণা করছেন, পুলিশ তাদের আটকের বিষয়টি নিশ্চিত করছে না। এ ছাড়া পুলিশের হামলায় অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাসহ রাজশাহীর চারটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে তাৎক্ষণিকভাবে মিনু আহতদের নাম ও পরিচয় জানাতে পারেননি।
গ্রেফতাররা হলেন- জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ, পবা উপজেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর হোসেন, চারঘাট লক্ষ্মীপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক কামরুজ্জামান মৃধা, চারঘাট শলুয়া ডিগ্রি কলেজের শিক্ষক শিক্ষক এমদাদুল হক, যুবদল সদস্য বাঘা উপজেলার হরিরামপুর এলাকার স্বপন, যুবদল সদস্য উপজেলার রামরামা গ্রামের মনির মণ্ডল, গোদাগাড়ী উপজেলার ছাত্রদল সদস্য আমিনুল ইসলাম। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী জেলা ছাত্রদলের যুগ্মসম্পাদক ও চাঁদের ব্যক্তিগত সহকারী শামীম সরকার।
এ সময় পুলিশ মিছিলে অংশগ্রহণকারীদের ওপর লাঠিচার্জ করে। মিছিলের সামনে থাকা চাঁদসহ মোট সাতজনকে পুলিশ ধরে নিয়ে যায়। পুলিশের লাঠিপেটায় বিএনপির নেতাকর্মীরা আহত হন।
এ ব্যাপারে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) বোয়ালিয়া জোনের উপকমিশনার আরেফিন জুয়েল বলেন, বিএনপির অবস্থান কর্মসূচির জন্য ভুবন মোহন পার্কে অবস্থানের অনুমতি ছিল। কিন্তু বিএনপি নেতাকর্মীরা সেটি না করে বাটার মোড়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। এ কারণে জেলা বিএনপির আহ্বায়ক চাঁদসহ সাতজনকে গ্রেফতার করা হয়েছে।
মিজানুর রহমান মিনু বলেন, সরকার সরাদেশে বিএনপির নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন চালাচ্ছে। রাজশাহীতেও সেটির বহিঃপ্রকাশ ঘটেছে। এ সরকারের শেষ সময় চলছে। এ কারণে কিছু অতিউৎসাহী পুলিশ কর্মকর্তা বিএনপির আন্দোলন নসাৎ করার চেষ্টা চালাচ্ছে। এসব পুলিশ কর্মকর্তাদের আগামীতে আইনের আওতায় আনা হবে। আর দমন-পীড়ন চালিয়ে বিএনপি নেতাকর্মীদের স্তব্ধ করা যাবে না। অচিরেই রাজশাহীসহ সারাদেশে এ সরকারের বিরুদ্ধে দুর্বার গণআন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।
















