টিপকাণ্ডে পুলিশ কনস্টেবল নাজমুল বরখাস্ত

রাজধানীর ফার্মগেট এলাকায় এক শিক্ষককে কপালে টিপ পরা নিয়ে ‘কটূক্তি’র অভিযোগে পুলিশ কনস্টেবল নাজমুল তারেককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ডিএমপির একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

কটূক্তির অভিযোগ তদন্তে ঢাকা মহানগর পুলিশ-ডিএমপির একজন অতিরিক্ত উপকমিশনারের (এডিসি) নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এর আগে ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম সোমবার সকালে জানান, নাজমুল তারেককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ওই শিক্ষক যে জিডি করেছেন, তারও যথাযথ তদন্ত হবে বলে জানান ডিএমপি কমিশনার।

রাজধানীর শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া জানান, কনস্টেবল নাজমুল তারেক পুলিশের প্রটেকশন বিভাগে কর্মরত।

এর আগে টিপ পরায় পুলিশের হেনস্তার শিকার হওয়ার কথা জানিয়ে ঢাকার তেজগাঁও কলেজের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক লতা সমাদ্দার শনিবার শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পুলিশের পোশাক পরা একজনের বিরুদ্ধে ‘ইভটিজিং’ এবং ‘প্রাণনাশের চেষ্টা’র অভিযোগ করা হয় জিডিতে।

সবারবাংলা/এসআই

Facebook Comments Box