ঢাকা শহরের সব খেলার মাঠ উদ্ধার করা হবে বলে জানিয়েছেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলাম। তিনি বলেন, ‘শুধু বিদ্যা অর্জন নয়, প্রকৃত শিক্ষা অর্জন করতে হবে। নৈতিকতার শিক্ষা অর্জন করতে হবে। বড়দের ও শিক্ষকদের শ্রদ্ধা করতে হবে।
পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশ নিতে হবে। শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা খুবই জরুরী। খেলাধুলা নিজেদের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখে।
শনিবার রাজধানীর সরকারি তিতুমীর কলেজের আন্তঃবিভাগীয় ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড যুবসমাজকে সম্পৃক্ত করার চেষ্টা করা হচ্ছে উল্লেখ মেয়র আরো বলেন, ঢাকা শহরের সব খেলার মাঠ উদ্ধারে আমরা কাজ করে যাচ্ছি। মিরপুরে প্যারিস রোডের মাঠের জায়গায় ৩১টি প্লট হয়ে গিয়েছিল, আমরা তা উদ্ধার করেছি, এখন সেটি একটি মাঠ। বর্তমানে সেখানে সবাই খেলাধুলা করতে পারছে। আমাদেরকে জানান কোথায় মাঠ দখল হয়ে আছে, সবাইকে সঙ্গে নিয়ে আমরা ঢাকার মাঠগুলো উদ্ধার করব।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে ডিএনসিসি মেয়র বলেন, খেলাধুলা ও বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ডে অংশগ্রহণ করতে হবে। ছেলেদের পাশাপাশি মেয়েদেরও অংশগ্রহণ বাড়াতে হবে। আমাদের নারীরা অনেক এগিয়ে গেছে। কিছুদিন আগে নারী ফুটবল দল চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে।
এসময় তিতুমীর কলেজের শিক্ষার্থীদের খেলাধুলায় প্রয়োজনীয় সরঞ্জাম দেয়ার ঘোষণা দেন ডিএনসিসি মেয়র। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মহিউদ্দিন। অধ্যক্ষের দাবির প্রেক্ষিতে ডিএনসিসি মেয়র তিতুমীর কলেজের সামনের রাস্তা ও ফুটপাত দ্রæত সময়ে সম্পন্ন করার ঘোষণা দেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন টুর্ণামেন্ট আয়োজনের আহবায়ক শিক্ষক মোজাফফর হোসেন, ২০নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ নাছির, ৩৯নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ শফিকুল ইসলাম, তিতুমীর কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক মালেকা বানুসহ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
















