এডিস মশার প্রজননস্থল সম্পর্কিত কিংবা প্রজননস্থল সৃষ্টির আশঙ্কা রয়েছে এমন তথ্য দিলে সেখানে ১৫ মিনিটের মধ্যে করপোরেশনের মশককর্মী উপস্থিত হয়ে এডিস মশার প্রজননস্থল নির্মূল করবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। বুধবার নগরীর ওয়ারী এলাকার ফকির চাঁন কমিউনিটি সেন্টারে ‘৪১ নম্বর ওয়ার্ডস্থ উন্নয়ন উৎসব’ এ যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে শেখ ফজলে নূর তাপস এ কথা বলেন।
এডিস মশার প্রজননস্থল নির্মূলে জনগণের সহযোগিতা কামনা করে শেখ তাপস বলেন, ডেঙ্গু এখন সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। আমরা প্রতিদিনের পরিসংখ্যান নিয়ে দেখেছি যে, সারা বাংলাদেশে এখন দৈনিক প্রায় তিন হাজার রোগী হয়। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় গত সাত দিনে গড়ে পঞ্চাশের উপরে রোগী পাওয়া যায়নি। মঙ্গলবার আমরা রোগী পেয়েছি ৫২ জন। তার আগেরদিন আমরা পেয়েছি ৫৪ জন। তার আগেরদিন সে সংখ্যা ছিল ৪৮ জন। আমরা কাজ করে চলেছি বলেই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গু নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছি। কিন্তু তা পূর্ণরূপে নির্মূল করার জন্য আপনাদের সহযোগিতা আশা করছি। আপনাদের সামগ্রিক ও ঐক্যবদ্ধ সহযোগিতা ছাড়া আমরা পূর্ণরূপে এডিস মশা নির্মূল করতে পারবো না। সম্ভাব্য প্রজননস্থল সম্পর্কিত তথ্য দিতে আহবান জানিয়ে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, “আপনার নিজ বাড়ি, আঙিনা, ছাদ ও ছাদবাগান এবং নির্মাণাধীন ভবন আপনারা নিজেরা দায়িত্ব নিয়ে পরিষ্কার করবেন। তারপরও আপনাদের যদি নজরে আসে এবং কোনো আশঙ্কা থেকে থাকে, পাড়া-প্রতিবেশীর কোনো বাড়ি বা স্থাপনায় পানি জমে আছে। সেখানে লার্ভা হতে পারে। আপনারা আমাদের নিয়ন্ত্রণ কক্ষে, আমাদের কাউন্সিলর কিংবা মশক সুপারভাইজারকে তথ্য দিবেন। ১৫ মিনিটের মধ্যেই আমাদের মশককর্মী সেখানে হাজির হবে এবং সেটা পরিষ্কার করবে। সেখানে লার্ভিসাইডিং করবে, ফগিং করবে। অনুষ্ঠানে করপোরেশনের সঙ্গীত শিক্ষা কেন্দ্রের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ এ সময় উন্নয়ন বিষয়ক বিশেষ জারি গানসহ বিভিন্ন ধরনের উন্নয়নমূলক গান পরিবেশন করেন।
৪১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সারোয়ার হাসান আলোর আয়োজন ও সভাপতিত্বে এবং করপোরেশনের অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসেন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে করপোরেশনের সচিব আকরামুজ্জামান, প্রধান প্রকৌশলী আশিকুর রহমান, কাউন্সিলরদের মধ্যে ১০ নম্বর ওয়ার্ডের মারুফ আহমেদ মনসুর, ৩৯ নম্বর ওয়ার্ডের রোকন উদ্দিন আহমেদ, ৪৩ নম্বর ওয়ার্ডের মো. আরিফ হোসেন ছোটন, ৪৪ নম্বর ওয়ার্ডের মিজানুর রহমান ইমন, ৪৫ নম্বর ওয়ার্ডের মো. শামসুজ্জোহা, ৫০ নম্বর ওয়ার্ডের মাসুদ মোল্লা, ৫২ নম্বর ওয়ার্ডের মো. রুহুল আমিন, ৬৯ নম্বর ওয়ার্ডের সালাহউদ্দিন আহম্মেদ এবং সংরক্ষিত আসনের কাউন্সিলর শাহিনুর বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।
















