দারিদ্র বিমোচনে সবাইকে একসঙ্গে কাজ করার আহবান জানিয়েছেন, স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম। তিনি বলেন, সমবায়কে যুগোপযোগী করতে হলে প্রতিষ্ঠানের স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। প্রতিষ্ঠান প্রধানদেরকে স্বচ্ছতা আনতে হবে। তাহলে সমবায় স্বমহিমা ধরে রাখতে সক্ষম হবে। রোববার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের ৩৫তম বার্ষিক সাধারণ সভা ও ড. আখতার হামিদ খান পল্লী ও সমবায় উন্নয়ন পদক প্রদান’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বর্তমান পরিস্থিতিতে আমাদের জমি ও সম্পদকে অধিক উৎপাদনশীল কাজে ব্যবহার করতে হবে। কৃষি জমিতে ফসল উৎপাদনে সকলকে আরো মনোযোগী এবং সমবায় সমিতিসমূহের সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে।
উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি (ইউসিসিএ)-এর সমবায়ীদের সচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে উল্লেখ করে মন্ত্রী আরো বলেন, সচ্ছতা ও জবাবদিহিতা বিদ্যমান থাকলে সমবায় সমিতিগুলো অধিক কার্যকরী করে গ্রামীণ অর্থনীতিতে বড় ধরণের পরিবর্তন আনা সম্ভব। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য এবং সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের সভাপতি খন্দকার বিপ্লব মাহমুদ উজ্জল।
২০২০ সালের পদক প্রাপ্তরা হলেন, গোপালগঞ্জের কোটালিপাড়ার বীর মুক্তিযোদ্ধা এস এম হুমায়ুন কবীর, কুমিল্লার লাকসামের তাবারক উল্যাহ (কায়েস), নাটোর সদরের মো. শরিফুল ইসলাম, সিরাজগঞ্জ সদরের মো. নূরুল হক, নেত্রোকোনার মোহনগঞ্জের মো. জহিরুল আলম শেখ, দিনাজপুর ফুলবাড়ির মো. মশিয়ুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া সদরের মো. আবু কাউসার, রাঙ্গামাটি সদরের কনিকা চাকমা, সাতক্ষীরা দেবহাটার মো. জাকির হোসেন, রাজশাহী বাগমারার মো. নাদিরুজ্জামান।
২০২১ সালে পদক প্রাপ্তরা হলেন- পটুয়াখালী সদরের মো. মিজানুর রহমান মনির, জামালপুরের মেলান্দহের মো. মনিরুজ্জামান জুয়েল, মুন্সিগঞ্জের সিরাজদিখানের শেখ তাখ ইসলাম পিন্টু, বাগেরহাটের ফকিরহাটের শেখ কামরুজ্জামান কামরুল, হবিগঞ্জ সদরের মো. আব্দুল ওয়াহেদ (আঞ্জব), দিনাজপুর সদরের খতীব উদ্দিন আহম্মেদ, কুমিল্লার চৌদ্দগ্রামের মো. আলী আশ্বব, বগুড়ার শেরপুর উপজেলার মো. রফিকুল ইসলাম, চট্টগ্রামের হাটহাজারীর মো. সুলতানুল আলম চৌধুরী ও পটুয়াখালী বাউফলের বীর মুক্তিযোদ্ধা মো. শামসুল আলম।
















