দীর্ঘ ৩২ বছর পর ঝিনাইদহের মহেশপুরে আবারো চালু হয়েছে চৌকি আদালত। রোববার দুপুরে উপজেলার পুরাতন আদালত ভবনে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ নাজিমুদ্দৌলা। অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল, উপজেলা চেয়ারম্যান ময়জুদ্দিন হামিদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদসহ জেলা আইনজীবি সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আদালত সুত্রে জানা গেছে, সীমান্তবর্তী মহেশপুর উপজেলার মানুষের ভোগান্তি কমাতে ১৯৮২ সালে মহেশপুরে আদালতের কার্যক্রম শুরু হয়। ১৯৯২ সালে আদালতের কার্যক্রম উপজেলায় বন্ধ করে জেলায় নিয়ে যাওয়া হয়। এতে আবারো ভোগান্তিতে পড়ে উপজেলার দুর-দুরান্ত এলাকার বিচারপ্রার্থীরা। মহেশপুরের সংসদ সদস্য শফিকুল আজম খানের প্রচেষ্টায় আবারো মহেশপুরে আদালতের কার্যক্রম চালু করা হলো। এই আদালত স্থাপনের ফলে সীমান্ত এলাকার বিচারপ্রার্থীরা ভোগান্তির হাত থেকে রক্ষা পাবে বলে অনেকেই মনে করেন।
এদিকে উপজেলা পর্যায়ে আদালতের কার্যক্রম চালু হওয়ায় খুশি বিচারপ্রার্থীসহ স্থানীয়রা। আইনজীবীরা বলছেন মানুষের দোড়গোড়ায় আইনী সেবা পৌছাতে পেরে সন্তুষ্ট তারা। আইনজীবি ও বিচারপ্রার্থীদের বসার স্থান সংকটসহ কিছু সমস্যা থাকলেও তা দ্রুতই সমাধান করা হবে বলে আশ্বস্ত করেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল। জানা গেছে, সরকারি ছুটির দিন ব্যাতিত প্রতিদিন ২ জন বিচারক বিচার কার্য পরিচালনা করবেন। এই আদালতে অন্তত ৫ হাজার মামলা চলবে।















