কলকাতার একটি হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাত বাংলাদেশির মধ্যে ছয়জনের মরদেহ দেশে আনা হয়েছে। শনিবার বিভিন্ন সীমান্ত দিয়ে মরদেহগুলো বাংলাদেশে পৌঁছায়।
নিহতদের মরদেহ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়ায় কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন স্থানীয় কর্তৃপক্ষ ও নিহতদের পরিবারের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় সহযোগিতা করেছে।
শনিবার সকালে সাতক্ষীরার এস এম আলীমুজ্জামানের মরদেহ ঘোজাডাঙ্গা-ভোমরা সীমান্ত দিয়ে বাংলাদেশে আনা হয়।
পরে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ছাড়া কুষ্টিয়ার দেবাশীষ দত্ত ও তার পরিবারের তিন সদস্য আফসানা শারমিন, শর্ণশিষ দত্ত ও মো. আকরাম আলী এবং ঢাকার আমিনবাজারের বাবু আহমেদের মরদেহ পেট্রাপোল-বেনাপোল সীমান্ত দিয়ে শনিবার বিকেলে দেশে আনা হয়।
কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন জানিয়েছে, মরদেহ সংরক্ষণ, পরিবহন ও দেশে ফেরত পাঠানোর পুরো প্রক্রিয়ায় সংশ্লিষ্ট পরিবারগুলোকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হয়েছে।
নিহত সাত বাংলাদেশির মধ্যে সাতক্ষীরার রেবতী সরকারের মরদেহ তার পরিবারের ইচ্ছা অনুযায়ী শুক্রবার রাতে কলকাতায় সৎকার করা হয়েছে।
এ ক্ষেত্রেও বাংলাদেশ উপ-হাইকমিশন আর্থিকসহ প্রয়োজনীয় সহযোগিতা করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এ দুর্ঘটনায় নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে। উল্লেখ্য, গত ১৯ আগস্ট কলকাতার একটি হোটেলে অগ্নিকাণ্ডে সাত বাংলাদেশি নিহত হন।















