নিজস্ব প্রতিবেদক :
নেপালে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট (DCHT)। বন্যাদুর্গত এলাকায় জরুরি চিকিৎসাসেবা অব্যাহত রাখতে ত্রিশূলি বাজারের ১ নম্বর মিলিটারি ট্রেনিং সেন্টার ফিল্ড হাসপাতালে প্রয়োজনীয় ওষুধ ও স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী হস্তান্তর করেছে DCHT-এর একটি দল।
নেপাল থেকে DCHT দলের সদস্য মো. গোলাম মোস্তফা জানান, দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে শিশু, নারী, বয়স্ক ও দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত ব্যক্তিরা সবচেয়ে বেশি স্বাস্থ্যঝুঁকিতে থাকেন। বন্যার কারণে নিয়মিত ওষুধ সরবরাহ ব্যাহত হলে এসব রোগীর শারীরিক জটিলতা আরও বাড়তে পারে। তাই বন্যাকবলিত মানুষের চিকিৎসাসেবা স্বাভাবিক রাখতে জরুরি ওষুধ সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে।
সহায়তার মধ্যে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হাঁপানি ও হাইপারলিপিডেমিয়ায় আক্রান্ত রোগীদের জন্য প্রয়োজনীয় বিভিন্ন ওষুধ রয়েছে। পাশাপাশি বন্যার পর সাধারণত দেখা দেওয়া সর্দি-কাশি, চর্মরোগ, গ্যাস্ট্রিকসহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যার চিকিৎসায় ব্যবহৃত ওষুধও সরবরাহ করা হয়েছে।
এ ছাড়া বন্যার পানিতে সংক্রমণের ঝুঁকি বেড়ে যাওয়ায় স্যানিটারি প্যাড, মাস্ক, অ্যান্টিব্যাকটেরিয়াল সাবানসহ বিভিন্ন স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী দেওয়া হয়েছে। এসব সামগ্রী নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষা এবং রোগের সংক্রমণ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। দুর্যোগের সময় দুর্গম ও ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত চিকিৎসাসেবা পৌঁছে দিতে ফিল্ড হাসপাতালগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও এসব হাসপাতালে কর্মরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা সম্মুখসারিতে থেকে বন্যাকবলিত মানুষের চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন।
সংশ্লিষ্টরা জানান, দুর্যোগের সময়ে মানবিক সহায়তা ও পারস্পরিক সহযোগিতা ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। DCHT-এর এই উদ্যোগের ফলে নেপালের বন্যাদুর্গত এলাকায় জরুরি চিকিৎসাসেবা আরও কার্যকরভাবে চালু রাখা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
















