স্টাফ রিপোর্টার :
আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর, চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল। তিনি বলেন, মেধা, সততা, শৃঙ্খলা ও পরিশ্রমের মাধ্যমে নিজেদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। সোমবার চাঁপাইনবাবগঞ্জ জেলার নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত ৫২ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদানকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এসময় তিনি শিক্ষার্থীদেরসাফল্যের জন্য তাদের অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা এবং বিদ্যালয় কর্তৃপক্ষকে আন্তরিক অভিনন্দন জানান।
নূরুল ইসলাম বুলবুল এমপি বলেন, মধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের সংবর্ধনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং শিক্ষার মানোন্নয়নে সমাজের বিত্তবান ব্যক্তি ও জনপ্রতিনিধিদের আরও এগিয়ে আসা প্রয়োজন। তিনি শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জনেই নয়, নৈতিক মূল্যবোধ, মানবিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম, নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লতিফা হকসহ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
















