পাবনায় ৮ দিনে পাঁচ রুশ নাগরিকের মৃত্যু

পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে কর্মরত এক রুশ নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার নতুনহাটের রূপপুরে বিদেশিদের আবাসন প্রকল্প গ্রিনসিটির বহুতল ভবনের কক্ষ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। এ নিয়ে আট দিনে রূপপুর প্রকল্পে কর্মরত পাঁচ রুশ নাগরিকের মৃত্যু হলো।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। মৃতদের অধিকাংশই হৃদরোগে মারা গেছেন বলে জানিয়েছে পুলিশের এই কর্মকর্তা।

থানা সূত্রে জানা গেছে, আজকে যিনি মারা গেছেন তাঁর নাম ভেরোটনিকভ আলেকজান্দ্রা (৪৫)। তিনি এই প্রকল্পে ‘নিকিম’ নামের একটি প্রতিষ্ঠানে কাজ করতেন। প্রকল্পের আবাসিক এলাকা গ্রিন সিটির একটি কক্ষে থাকতেন তিনি। দুপুরে সহকর্মীরা নিজ কক্ষে তাঁকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে প্রকল্প কর্মকর্তাদের জানান। এরপর থানায় খবর দেওয়া হলে পুলিশ গিয়ে তাঁর লাশ উদ্ধার করে। ভেরোটনিকভের মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি মো. আসাদুজ্জামান আরও বলেন, গত ৮ দিনে রূপপুরে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এসব মরদেহ ময়নাতদন্ত রিপোর্টে তেমন কিছু পাওয়া যায়নি। শুধু একজনের মাদক সংশ্লিষ্টতা পাওয়া গেছে। অন্যদের রিপোর্টে হৃদরোগের কথা বলা হয়েছে।

সবারবাংলা/এসআই

Facebook Comments Box