পুলিশকে সততার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ

সততা, দক্ষতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনে নবীন পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

রবিবার (১১ ডিসেম্বর) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব ইন্টেগ্রিটিতে ৪০তম বিসিএস (পুলিশ) ব্যাচের এএসপি প্রবেশনারদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, ‘আগামী দিনের পুলিশিং হবে বিজ্ঞান নির্ভর, জ্ঞানভিত্তিক ও মানবিক পুলিশিং। পুলিশিং একটি চ্যালেঞ্জিং পেশা। এ পেশায় প্রতিনিয়ত নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। এ জন্য আপনাদের তৈরি থাকতে হবে।

তিনি বলেন, ‘বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমি, সারদায় এক বছরের মৌলিক প্রশিক্ষণের ফলে গোয়েন্দা তথ্য, তথ্য প্রযুক্তিসহ অন্যান্য কলাকৌশল ব্যবহারের মাধ্যমে অপরাধ মোকাবিলায় আপনারা পেশাগত দক্ষতা অর্জন করবেন।’ এ সময় তিনি গভীর মনোনিবেশ এবং কঠোর অনুশীলনের মাধ্যম প্রশিক্ষণ গ্রহণের জন্য নবীন কর্মকর্তাদের নির্দেশনা দেন।

নবীন পুলিশ কর্মকর্তাদের ভবিষ্যৎ পুলিশ লিডার আখ্যায়িত করে পুলিশ প্রধান বলেন, ‘সাম্প্রতিক সময়ে বাংলাদেশ পুলিশ জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। আপনাদের হাত ধরেই আগামী দিনে বাংলাদেশ বঙ্গবন্ধুর ‘সোনার বাংলায়’ পরিণত হবে।

অনুষ্ঠানে আরও ছিলেন– অতিরিক্ত আইজি (প্রশাসন) মো. কামরুল আহসান, অতিরিক্ত আইজি (লজিস্টিকস অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন) মো. মাজহারুল ইসলাম, অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আতিকুল ইসলাম, অতিরিক্ত আইজি (অর্থ) মো. শাহাবুদ্দিন খাঁন, অতিরিক্ত আইজি (এইচআর) ব্যারিস্টার মো. হারুন-অর-রশিদ প্রমুখ।

উল্লেখ্য, ৪০তম বিসিএস (পুলিশ) ব্যাচে ৭০ জন কর্মকর্তা এএসপি হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেছেন। তাদের মধ্যে ৬৩ জন পুরুষ এবং সাত জন নারী।

Facebook Comments Box