পূজামণ্ডপগুলোতে অধিক নিরাপত্তা জোরদার করা হয়েছে

আগের যেকোনো সময়ের চেয়ে পূজামণ্ডপগুলোতে অধিক নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ। তিনি বলেন, আজ সারাদেশে সনাতন ধর্মালম্বীরা অষ্টমী উদযাপন করেছেন। কাল আরও বেশি উৎসবমুখর পরিবেশে মহানবমী উদযাপন করবেন। শারদীয় দুর্গোৎসবের বাকী দিনগুলো নির্বিঘ্নে উদযাপিত করুন। গতকাল শনিবার তাঁতিবাজারের পূজা মণ্ডপে আহতদের দেখতে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে গিয়ে তিনি এ কথা বলেন।

জানা যায়, রাজধানীর পুরান ঢাকার তাঁতিবাজারে শুক্রবার রাতে একটি মণ্ডপে ককটেল সদৃশ বস্তু ছুঁড়ে মেরেছে দুর্বৃত্তরা। বস্তুটি বিস্ফোরিত না হলেও হামলাকারীদের ধরতে গিয়ে ছুরিকাঘাতে অন্তত ৪ জন আহত হন। শুক্রবার রাত বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনের সময় এই খবর জানার সাথে সাথে তাঁতিবাজারের পূজা মণ্ডপটি তাৎক্ষণিকভাবে দেখতে যান স্থানীয় সরকার উপদেষ্টা এ.এফ. হাসান আরিফ। এ সময় তিনি মণ্ডপে অবস্থানরত বিভিন্ন দর্শনার্থী এবং পূজারীদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময়কালে হাসান আরিফ বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়াও পুজা মণ্ডপগুলোতে সেনাবাহিনী মোতায়ন করা হয়েছে। কাজেই আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই৷ নির্ভয়ে উৎসব পালন করুন।

তাঁতিবাজারে পূজামণ্ডপটি পরিদর্শন শেষে স্থানীয় সরকার উপদেষ্টা আহতদের দেখতে মিটফোর্ড হাসপাতালে যান। এ সময় তিনি আহত এবং তাদের পরিবার-পরিজনসহ কর্তব্যরত ডাক্তারদের সাথে কথা বলেন। আহতদের চিকিৎসায় যাতে কোন প্রকার অবহেলা করা না হয় সেজন্য কর্তব্যরত চিকিৎসকদের নির্দেশনা প্রদান করেন। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, পুজা চলাকালে ৩ থেকে ৪ জন দুর্বৃত্ত মন্দিরে আচমকা ককটেল সদৃশ বস্তু ছুঁড়ে মারে। তবে তা বিস্ফোরিত হয়নি। দুর্বৃত্তদের ধরার চেষ্টা করার সময় ঝন্টু (৪৫), সাগর (৩৮), মো. খোকন (৩৫) এবং বৃত্ত (২৬) নামে ৪জন আহত হন। আহতদের স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ পর্যন্ত ঘটনাস্থল থেকে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

Facebook Comments Box