পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি রপ্তানিমুখী পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ চালিয়ে যাচ্ছে। শনিবার (৫ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার তারাবো পৌরসভার খাতুন এলাকায় সিকদার অ্যাপারেলস গার্মেন্টস লিমিটেড নামে পোশাক কারখানায় আগুন লাগে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত ১০টা) কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শ্রমিকরা জানান, খাতুন এলাকার সিকদার অ্যাপারেলস গার্মেন্টস লিমিটেড কারখানায় প্রায় ২ হাজার শ্রমিক কাজ করেন। রাত ৯টার দিকে কারখানার নিটিং সেকশনে হঠাৎ করে আগুন লেগে যায়। এ সময় কারখানায় কর্মরত শ্রমিকরা আগুন দেখে আতঙ্কিত হয়ে কারখানা থেকে বের হয়ে যান। পরে আগুন আগুন বলে চিৎকার শুরু করলে স্থানীয়রা এগিয়ে আসেন এবং আগুন নেভানোর চেষ্টা করেন।

কিন্তু আগুনের লেলিহান শিখা বাড়তেই থাকে এবং পুরো পোশাক কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ডেমরা, কাঞ্চন, নারায়ণগঞ্জ ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে এসে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নেভানোর চেষ্টা করছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, আগুন নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।

ভিন্নবার্তা/এমএসআই

Facebook Comments Box