কুমিল্লার চৌদ্দগ্রামে বাইক আরোহীদের রক্ষা করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের চাপা দিয়ে খাদে পড়ে গেছে যাত্রীবাহী বাস। এতে দুই পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১ জন আহত হয়েছেন।
সোমবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আটগ্রাম এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন উপজেলার বাতিসা ইউনিয়নের আটগ্রামের আবদুল খালেকের ছেলে রিন্টু (৩০) ও বাতিসা গ্রামের মনা মিয়ার ছেলে রিপন (৩২)।
সোমবার বিকালে তথ্যটি নিশ্চিত করেন মিয়াবাজার হাইওয়ে থানার এসআই মো. কাউছার।
হাইওয়ে পুলিশ জানায়, সোমবার সকালে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস মহাসড়কের আটগ্রাম রাস্তার মাথায় মোটরসাইকেল আরোহীদের রক্ষা করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী রিন্টু, রিপন ও চৌধুরী মিয়াকে চাপা দিয়ে খাদে পড়ে যায়। পরে আহতদের স্থানীয়রা উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রিপনের মৃত্যু হয় এবং ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়ার পথে রিন্টুর মৃত্যু হয়।
আহত চৌধুরী মিয়া কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মিয়াবাজার হাইওয়ে থানার এসআই মো. কাউছার জানান, যাত্রীবাহী বাসটি মোটরসাইকেল আরোহীদের রক্ষা করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের চাপা দেয়। এতে রিপন ও রিন্টু নামে দুজন পথচারীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করা হয়েছে।















