বাসচাপায় মোটরসাইকেলে থাকা বাবা-ছেলে নিহত

মোটরসাইকেলে থাকা বাবা মেহেদী হাসান নয়ন ও তার ছেলে নাহিদ নিহত হয়েছেন। মঙ্গলবার (২৭ জুন) সকাল পৌনে ১১টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের মাঠেরবাজার রূপ ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মেহেদী স্থানীয় চকভগবানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তিনি সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের জানিপুর গ্রামের আতাউর রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, মেহেদী তার ছেলে নাহিদকে নিয়ে মোটরসাইকেলে রূপ ফিলিং স্টেশনে পেট্রোল নেন। পরে মাঠেরহাটের দিকে যাওয়ার সময় ঢাকাগামী ইউনিটি পরিবহনের একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান মেহেদী। পরে গুরুতর আহত ছেলে নাহিদকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে নাহিদের মৃত্যু হয়।

পলাশবাড়ী থানার ওসি মাসুদ রানা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। স্থানীয়দের সহায়তায় বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।

Facebook Comments Box