পেশাগত দায়িত্ব পালনে চরম অবহেলা, অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত এবং সরকারি আইন অমান্য করার অভিযোগে পুলিশের ৬ উচ্চপদস্থ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-১ শাখা থেকে পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এই আদেশ জারি করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত এসব প্রজ্ঞাপনে অভিযুক্ত কর্মকর্তাদের ‘চাকরি হতে বরখাস্তকরণ’ গুরুদণ্ড দেওয়া হয়।
বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন–
১. মোহাম্মদ ইকবাল হোসাইন: পুলিশ সুপার, রেঞ্জ ডিআইজির কার্যালয়, খুলনা। ডিএমপির ওয়ারী বিভাগের এই সাবেক উপ-পুলিশ কমিশনার ২০২৪ সালের ২৮ আগস্ট থেকে কর্মস্থলে অনুপস্থিত।
২. কাজী আশরাফুল আজীম: সাময়িক বরখাস্ত ও রেঞ্জ ডিআইজির কার্যালয়, চট্টগ্রামে সংযুক্ত। ডিএমপির উত্তরা বিভাগের এই সাবেক উপ-পুলিশ কমিশনার ২০২৪ সালের ১৪ আগস্ট থেকে কর্মস্থলে অনুপস্থিত।
৩. বিপ্লব কুমার সরকার: সাময়িক বরখাস্ত ও রেঞ্জ ডিআইজির কার্যালয়, বরিশালে সংযুক্ত। ডিএমপির এই সাবেক যুগ্ম পুলিশ কমিশনার ২০২৪ সালের ৬ আগস্ট থেকে কর্মস্থলে অনুপস্থিত।
৪. সুদীপ কুমার চক্রবর্তী: সাময়িক বরখাস্ত ও রেঞ্জ ডিআইজির কার্যালয়, বরিশালে সংযুক্ত। ডিএমপির এই সাবেক যুগ্ম পুলিশ কমিশনারও ২০২৪ সালের ২২ আগস্ট থেকে কর্মস্থলে অনুপস্থিত।
৫. রাজন কুমার দাস: এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার। কক্সবাজার উখিয়ায় কর্মরত অবস্থায় ২০২৪ সালের ৩১ ডিসেম্বর থেকে তিনি অনুপস্থিত রয়েছেন।
৬. গোলাম রুহানি: ঢাকা মহানগর পুলিশের সহকারী কমিশনার। ২০২৪ সালের ৮ আগস্ট থেকে তিনি কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।
প্রজ্ঞাপনে বলা হয়, অভিযুক্ত কর্মকর্তারা যথাযথ কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে দীর্ঘ সময় কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। তাদের বর্তমান ও স্থায়ী ঠিকানায় এবং ই-মেইলে একাধিকবার যোগাযোগ করা হলেও কোনো সাড়া দেননি। এই কর্মকাণ্ড সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ২(চ) বিধি অনুযায়ী ‘পলায়ন এবং ৩(গ) বিধি অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হয়েছে। কারো কারো ক্ষেত্রে ‘অসদাচরণ এর অভিযোগও প্রমাণিত হয়েছে।
তদন্ত প্রতিবেদনে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় এবং সরকারি কর্ম কমিশনের পরামর্শ ও রাষ্ট্রপতির অনুমোদনের প্রেক্ষিতে এই গুরুদণ্ড প্রদান করা হয়েছে। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
















