দায়িত্ব পেলে প্রতিটি ওয়ার্ডে বিনামূল্যে চিকিৎসাসেবা ও স্কুল নির্মাণ করা হবে

নগরীর দায়িত্ব পেলে সুবিধাবঞ্চিত মানুষের জন্য প্রতিটি ওয়ার্ডে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং স্কুল নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী ও জামায়াতে ইসলামীর নেতা মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, অর্থের অভাবে কোনো শিক্ষার্থীর পড়াশোনা কিংবা কোনো মানুষের চিকিৎসা বন্ধ হবে না। বুধবার রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় উত্তর সিটি করপোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রবিউল ইসলাম রুবেলের ব্যবস্থাপনায় বৃষ্টিতে থেমে যাবে না পড়াশোনা এই স্লোগানকে সামনে রেখে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন।

সমাজের পিছিয়ে পড়া মানুষকে অগ্রাধিকার ভিত্তিতে এগিয়ে নিতে হবে উল্লেখ করে সেলিম উদ্দিন বলেন, সুবিধাবঞ্চিত শিশুদের প্রতি সিটি করপোরেশনের বিশেষ যত্ন ও সহযোগিতা নিশ্চিত করা গেলে তারাও একদিন আদর্শ মানুষ হয়ে রাষ্ট্র ও সমাজের সেবা করবে। সেলিম উদ্দিন বলেন, সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যেও মেধা ও যোগ্যতা রয়েছে। কিন্তু তাদের মূল্যায়ন করতে হবে। এজন্য রাষ্ট্র ও সিটি করপোরেশনকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। দেশের বর্তমান সামাজিক বৈষম্যের সমালোচনা করে তিনি বলেন, সমাজ নানা বৈষম্যে নিমজ্জিত। সুবিধাবঞ্চিত মানুষের অনেকেই নিজেদের অধিকার নিয়ে কথা বলতে পারেন না এবং বিভিন্নভাবে শোষণের শিকার হন। শিক্ষা ব্যবস্থার বাণিজ্যিকীকরণের সমালোচনা করে তিনি বলেন, স্কুল-কলেজ এখন অনেক ক্ষেত্রে ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে; ‘প্রাইভেট’ নামের আড়ালে শিক্ষাকে ব্যবসায় পরিণত করা হচ্ছে। তিনি আরও বলেন, ইনসাফ প্রতিষ্ঠার জন্যই এই দেশে জুলাই হয়েছিল। কিন্তু জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে এক শ্রেণির সুবিধাবাদী মানুষ। মানবিক ও বৈষম্যহীন দেশ গঠনের আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের কল্যাণে ডাক এলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

নির্বাচন প্রসঙ্গে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, গত নির্বাচনে মানুষ ১১ দলের প্রতি সমর্থন জানিয়েছিল। কিন্তু দুষ্টু লোকেরা সেই সমর্থন ‘হাইজ্যাক’ করেছে বলে অভিযোগ করেন তিনি। আগামী নির্বাচনে ভোট চুরি বা কারচুপির চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

Facebook Comments Box