চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ফাইনালের সম্ভাবনা তৈরি হয়েছিল আগেই। গতকাল বাবর আজমের দল নিউজিল্যান্ডকে হারিয়ে শিরোপা নির্ধারনী ম্যাচে পা দিয়ে রেখেছিল। কিন্তু আজ ভারত সেই পথে হাঁটতে পারলো না। ইংল্যান্ডের দুই ওপেনারের কাছে পাত্তা পেলো না রোহিত শর্মার দল। ফলে ২৪ বল ও ১০ উইকেট হাতে রেখেই ভারতকে উড়িয়ে ফাইনালে উঠে গেল ইংলিশরা।
বৃহস্পতিবার অ্যাডিলেড ওভালে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৮ রান করেছিল ভারত। জবাবে রান তাড়া করতে নেমে ১৬ ওভারেই বিনা উইকেটে ১৭০ রান করে জয়ের বন্দরে পৌঁছে গেল জস বাটলারের দল। এই জয়ে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরের ফাইনালে উঠে গেল তারা।
আগামী রোববার (১৩ নভেম্বর) শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচে তাদের প্রতিপক্ষ ২০০৯ সালের চ্যাম্পিয়ন পাকিস্তান। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।














