ভোগান্তি ছাড়াই সেবা নিশ্চিত করতে হবে

সেবা প্রত্যাশীদের ভোগান্তি ছাড়াই সেবা নিশ্চিত করার আহবান জানিয়েছেন, স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করার প্রয়াসে অনবরত কাজ করে যাচ্ছেন। ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়তে হলে আমাদেরকে অনেক লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে।

বুধবার জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) তিনদিন ব্যাপী বিভিন্ন সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের জন্য “সিটি কর্পোরেশন ব্যবস্থাপনা সম্পর্কিত” প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য মন্ত্রী এ কথা বলেন।

জনকল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হলে রাষ্ট্রের কর্মকর্তা-কর্মচারীদের সেবার মন-মানসিকতা তৈরি করতে হবে জানিয়ে মন্ত্রী আরো বলেন, সেজন্য প্রশিক্ষণের বিকল্প নেই। তিনি সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের উদ্দেশ্যে আরো বলেন, আপনারা জনগণের কাছে সেবা পৌঁছে দেওয়ার মাঠ পর্যায়ের কর্মকর্তা। আপনাদের কাছ থেকে সহজে সেবা পেলে সরকারের সুনাম হয়।

এ সময় মন্ত্রী সিটি কর্পোরেশনের রাজস্ব আদায়ের বৃদ্ধি করতে তৎপরতা নিতে কর্মকর্তাদের আহবান জানিয়ে বলেন, মানুষ যখন দেখবে আদায়কৃত রাজস্ব তাদের নিজেদের জীবনমান উন্নত করতে ব্যবহৃত হচ্ছে তখন রাজস্ব প্রদানে তাদের অনাগ্রহ দূর হবে। বেশিরভাগ মানুষ তখন স্বপ্রণোদিত হয়ে রাজস্ব জমা দিবে। বাংলাদেশের অভ‚তপূর্ব উন্নয়নে অনেকের গাত্রদাহ হচ্ছে উল্লেখ করে মন্ত্রী আরো বলেন, তলাবিহীন ঝুড়ি হিসাবে আখ্যায়িত করে যারা বাংলাদেশের সম্ভাবনাকে বিনষ্ট করতে চেয়েছিল বাংলাদেশের উন্নয়ন তাদের কাছে পছন্দ নয়।

দেশীয় ও আন্তর্জাতিক অনেক গোষ্ঠী এখনো বাংলাদেশের উন্নয়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে উল্লেখ করে তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধে জয়লাভের মাধ্যমে যে জাতির জন্ম হয়েছে তাদের পেছনে ফেলে রাখার সুযোগ নেই। এ সময় মন্ত্রী সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা প্রতিষ্ঠায় আন্তরিকতার সাথে কাজ করার আহবান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের সচিব মুহম্মদ ইবরাহিম এবং সভাপতিত্ব করেন এনআইএলজি এর মহাপরিচালক সালেহ আহমদ মোজাফফর।

Facebook Comments Box