মনোনয়ন বাতিলে যত্নবান হওয়ার নির্দেশ

পাঁচ সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তারা যেন মনোনয়ন যাচাই বাছাইয়ের কার্যক্রম সঠিকভাবে করতে পারেন সেই নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। এছাড়া, মনোনয়নপত্র গ্রহণ বা বাতিলের ক্ষেত্রে সিদ্ধান্ত ও রায় সতর্কতার সঙ্গে লেখার নির্দেশনা দেয়া হয়েছে।

সোমবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

সিইসি বলেন, আজ সিটি করপোরেশন নির্বাচনের ট্রেনিং ছিল। আমরা অভিজ্ঞতা থেকে দেখেছি, যে গৃহিত ও প্রত্যাখ্যাত মনোনয়পত্রের পরে আমাদের কাছে আপিল করা হয়। আমাদের কর্মকর্তা আরেকটু সুচারুভাবে অর্ডার করলে আমাদের পক্ষে সিদ্ধান্ত দিতে সুবিধা হয়।

কাজী হাবিবুল আউয়াল বলেন, আমরা চূড়ান্ত কর্তৃপক্ষ নই। আমাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আবার উচ্চ আদালতে আপিল হয়। কাজেই আমরা যে আপিলটা শুনবো, আমাদের রিটার্নিং কর্মকর্তারা যে সিদ্ধান্ত দেন তা যদি সঠিক ও শুদ্ধ হয়, সেটা উচ্চ আদালতেও সমর্থিত হবে। সেটা আমাদের সবার জন্যই ইতিবাচক। সেজন্য রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা বিশেষ করে নমিনেশন রিজেক্ট (মনোনয়নপত্র প্রত্যাহার) করার সময় কোন কোন কারণে করবেন ও অর্ডারটা কিভাবে লিখবেন সেই বিষয়ে তাদের প্রশিক্ষণ দেয়া হবে।

তিনি আরো বলেন, রিটার্নিং কর্মকর্তারা যদি যত্নসহকারে আরও সঠিক ও শুদ্ধভাবে নমিনেশনগুলো বাতিল করে থাকেন তাহলে সেটা আমাদের জন্য সহযোগিতা হবে।

এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, আমরা পাঁচ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছি। সে অনুযায়ী নমিনেশন সাবমিট করা হবে। সেগুলো কী আনকনটেস্টে হবে, নাকি আনকনটেস্টে হবে না তখন সেগুলো আরও স্পষ্টভাবে বলতে পারবো।

Facebook Comments Box