মানুষের কল্যাণে সরকার বিভিন্ন উন্নয়ন পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানিয়েছেন, স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতার স্বপ্ন পূরণে দেশের উন্নয়ন রোডম্যাপ নির্ধারণ করে দিয়েছেন। রোববার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ইউনিট চেয়ারম্যান ও সেক্রেটারিগনের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ একথা বলেন। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) এটিএম আব্দুল ওয়াহাব।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জন্ম লগ্ন থেকে মানুষের দুঃখ দুর্দশা লাগবে কাজ করে যাচ্ছে উল্লেখ করে মন্ত্রী আরো বলেন, এই মতবিনিময় সভার মাধ্যমে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও জেলা পরিষদের চেয়ারম্যানরা মানুষের দুর্ভোগ লাঘবে একযোগে কাজ করবে। মন্ত্রী বলেন, মানুষের কল্যাণের জন্যই বর্তমান সরকার বিভিন্ন উন্নয়ন পদক্ষেপ নিয়েছে।
এ সময় তিনি বলেন, বর্তমান সরকার বিদ্যুৎ উৎপাদন, যোগাযোগ ব্যবস্থার উন্নতি, তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়ন থেকে শুরু করে গ্রামের সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে স্কুল কলেজ, রাস্তাঘাট, ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে স্বাস্থ্য সেবার জন্য কমিউনিটি ক্লিনিক পর্যন্ত স্থাপন করেছে। এসবই করা হয়েছে যাতে মানুষ উন্নত জীবনের স্বাদ পায়। এক সময় বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি হিসেবে আখ্যায়িত করলেও এখন উন্নয়নের রোলমডেল হিসেবে বর্ণনা করা হয় । অতীতে বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগে বহু মানুষের প্রাণহানির কথা উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান বাংলাদেশ সারা বিশ্বে প্রাকৃতিক দুর্যোগ সহিষ্ণু জাতি হিসেবে পরিচিত।
















