ঝিনাইদহ-২ আসনের নৌকা প্রতীকের প্রার্থী তাহজীব আলম সিদ্দিকী এমপির বিরুদ্ধে থানায় জিডি করেছেন জেলা যুবলীগ আহবায়ক আশফাক মাহমুদ জন। এমপি গালমন্দ করার সময় বডি গার্ডকে অস্ত্র বের করে গুলি করার নির্দেশ দেন বলে জিডিতে উল্লেখ করেছেন জন।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা শহরের চাকলাপাড়া মসজিদ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। জিডির খবর নিশ্চিত করেছেন ঝিনাইদহ সদর থানার ওসি শহীন উদ্দীন।
যুবলীগ আহবায়ক আশফাক মাহমুদ জন অভিযোগ করেন, ঘটনাস্থলে এসে নৌকা প্রতীকের প্রার্থী তাহজীব আলম সিদ্দিকী এমপি প্রথমে যুবলীগ কর্মী আহাদ আলীর শাটের কলার চেপে ধরে এলোপাতাড়ি কিল-ঘুসি মারতে থাকেন। এ সময় তিনি (জন) অফিস থেকে বের হয়ে আসেন। তখন এমপি তাকে উদ্দেশ করে অকথ্য ভাষায় গালমন্দ করতে থাকেন। ‘জনগণ আপনাকে ভোট না দিলে আমার কী করার আছে’- এমন কথা বলামাত্র জনকে গুলি করতে বডি গার্ডকে নির্দেশ দেন এমপি।
এ সময় আশপাশ থেকে লোকজন ছুটে আসেন। এরপর উপস্থিত ঈগল প্রতীকের সমর্থকদের খুন করার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন নৌকা প্রতীকের প্রার্থী।
ঘটনার পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান জেলা যুবলীগ আহবায়ক আশফাক মাহমুদ জন। সদর থানার ওসি বলেন, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে।
















