রাজধানীর আগারগাঁওয়ে আইডিবি ভবনের কাছে ঢাকা সিটি করপোরেশনের (ডিএনসিসি) একটি ময়লাবাহী ট্রাকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে পুড়ে যাওয়া ট্রাকটি ঢাকা উত্তর নাকি দক্ষিণ সিটি করপোরেশনের, তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া শাখার কর্মকর্তা শাজাহান সিকদার বলেন, ‘শনিবার (১৬ ডিসেম্বর) রাত ১০টার দিকে নিয়ন্ত্রণ কক্ষে আগুন লাগার খবর পাওয়া যায়। পরে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। ট্রাকটিতে কীভাবে ও কারা আগুন দিয়েছে প্রাথমিকভাবে তা জানাতে পারেনি পুলিশ।
তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার রুবাইয়াত জামান বলেন, ‘ট্রাকটির নম্বর প্লেট বোঝা যাচ্ছে না। গাড়িটি কোন সিটি করপোরেশনের এখনও পর্যন্ত আমরা তা নিশ্চিত হতে পারিনি। এছাড়া কোনও আহতের ঘটনা রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
















